
যুবকদের কর্মমুখী করতে হবে, উৎপাদন ও দেশ গঠনে দিতে হবে নেতৃত্ব।
দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের জনসংখ্যার সবচেয়ে বড় অংশ যুবসমাজ। এই যুবশক্তি দেশের জন্য বড় সম্পদ ও সম্ভাবনা। তাদের যথাযথভাবে কাজে লাগাতে পারলে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন সম্ভব।
রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের জনসংখ্যার কাঠামোতে যুবসমাজের বড় অংশগ্রহণকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ বলা হয়। এটি বাংলাদেশের জন্য একটি বড় সম্পদ ও সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে হলে যুবসমাজকে দক্ষ, যোগ্য ও উৎপাদনশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশের তালিকায় রয়েছে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের মাধ্যমে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার লক্ষ্য রয়েছে বাংলাদেশের। এ জন্য প্রস্তুতির সময় আরও তিন বছর বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে, যাতে উন্নয়নশীল দেশে উত্তরণের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ টিকে থাকতে পারে।
রাষ্ট্রপতি আরও বলেন, এ ক্ষেত্রে দেশের যুবসমাজ সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। তারাই ভবিষ্যতের প্রধান চালিকাশক্তি। দেশের ভবিষ্যৎ নির্মাণের দায়িত্বও তাদের হাতে। তাই যুবকদের কর্মমুখী করে গড়ে তুলতে হবে এবং তাদের হাতে উৎপাদনের চালিকাশক্তি তুলে দিতে হবে।
তিনি বলেন, শুধু রাজনৈতিক বিপ্লব বা পরিবর্তনের মধ্য দিয়ে একটি দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি দেশকে নির্মাণ করতে হয়। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে সম্পৃক্ত করে উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি যুব উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান ও কার্যক্রমের কথাও বিশেষভাবে উল্লেখ করেন।
যুবসমাজের উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যুবকদের সামনে নিয়ে আসতে হবে। দেশ গঠনের প্রতিটি ক্ষেত্রে তাদের প্রধান ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে সব ক্ষেত্রে সম্পৃক্ত করতে হবে। দেশের উন্নয়ন এবং যুবসমাজের ভাগ্য পরিবর্তনের পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না।
এর আগে জাতীয় যুব দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতেও রাষ্ট্রপতি সংগঠিত, দক্ষ ও অঙ্গীকারবদ্ধ যুবসমাজকে দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করেন। তিনি তরুণদের মানসম্মত ও কর্মসংস্থানমুখী শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা, উন্নত স্বাস্থ্যসেবা এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানসহ দেশের গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অর্জনে তরুণদের ভূমিকা রয়েছে। যুবসমাজকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তর করা গেলে স্বনির্ভর, উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা আরও গতিশীল হবে।
এ ছাড়া মাদকাসক্তি প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং সামাজিক অবক্ষয় রোধে তরুণদের সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার জন্যও যুবসমাজের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, যুবসমাজের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য বেসরকারি খাত, সামাজিক সংগঠন, বিত্তবান ব্যক্তি ও পরিবারসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি যুবসমাজের মর্যাদাপূর্ণ কর্মসংস্থান ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাকে জাতীয় অঙ্গীকার হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
এ বছর জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||