মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে এক বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কেএমপির পুলিশ কমিশনার। সভায় মহানগরীর বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, মাদক কারবার, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত ও জোরালো পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে যৌথ বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সূত্র জানায়, এ অভিযানে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), র্যাব-৬, খুলনা জেলা পুলিশ, ৩ এপিবিএন খুলনা সহ বিভিন্ন বিশেষায়িত পুলিশ ইউনিট অংশ গ্রহণ করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত তালিকা ভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, বিভিন্ন ইউনিটের সমন্বয়ে পরিচালিত এ ধরনের যৌথ অভিযান অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
নগরবাসীও অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন সমন্বিত উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে খুলনা মহানগরীতে অপরাধ প্রবণতা কমে আসবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে।
কেএমপি সূত্রে আরও জানা গেছে, যৌথ অভিযান চলাকালে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হবে। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||