
যশোরের শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলাসহ ১৮টি মামলার আসামি উকিল মল্লিককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) ভোরে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার উকিল মল্লিক রামচন্দ্রপুর গ্রামের মৃত শমসের মল্লিকের ছেলে। তিনি দৈনিক গ্রামের কাগজের কাশিপুর প্রতিনিধি সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি বলে জানিয়েছে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, উকিল মল্লিকের বিরুদ্ধে জিআর পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। পরে এসআই শরিফুল ইসলাম ও এএসআই আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে উকিল মল্লিকের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট ১৮টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||