এমডি আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

৪ বছরের শিশু নাঈমা, সাড়ে ৫ বছরের আহমুদুল্লাহ ও ১০ বছরে পা রেখেছে আইরিন। এই তিনটি শিশুর মুখজুড়ে সীমাহীন আতঙ্ক ও ভয়। কখন তাদের বোয়ালমারী থানা পুলিশে ধরে নিয়ে যায়। এতিম এই তিন শিশুই তাদের মৃত পিতার ঋণের দায়ে মামলার আসামি। তিন শিশুর মা মৃত স্বামীর খেলাপি ঋণের মামলায় গত দুমাস কারাগারে আটক রয়েছে। গত দুই বছর আগে বাবার মৃত্যুর পরে তাদের মা গ্রেপ্তার হয়ে কারাগারে যাবার পর থেকে অবুঝ শিশু জান্নাতুল নাঈমা আর আহমাদুল্লাহর একমাত্র ভরসা দশ বছর বয়সী বড়বোন আইরিন। খোঁজ নিয়ে জানা যায় নানার আশ্রয়ে ছোট ভাইবোনের মৃত বাবা ও কারাগারে আটক মায়ের দায়িত্ব পালন করছে বড় বোন আইরিন। ফরিদপুর জেলার বোয়ালমারী পৌরসদরে অবস্থিত আইরিন পোল্ট্রি মুরারি হাউজের স্বত্বাধিকারী মৃত আমিন শেখ ও পপি খাতুন দম্পতির নাবালক তিন শিশু। বাবা আমিন শেখের ঋণের দায়ে ৩টি শিশু একটি বেসরকারি ব্যাংকের দায়ের করা অর্থ ঋণের মামলার আসামি। বাবা মারা গেছেন আরও দুই বছর আগে। আর এ মামলায় তাদের মা পপি খাতুন দুই মাস যাবত জেলহাজতে থাকায় শিশুদের জীবন এখন খাদ্যের অভাবে ও নিরাপত্তার অভাবে বিপর্যস্ত। শিশুদের বৃদ্ধ দিনমজুর নানা সিরাজ শেখ এতিম এই শিশুদের নিয়ে বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরছেন প্রতিকারের আশায়। তবে সমাধানের পথ এখনও পাননি তারা। শিশুদের নানি বলেন, দুই মাস হলো আমাদের মেয়েকে ধরে নিয়ে গেছে পুলিশ। তিন শিশুকে আমরা পেয়েছি। বুড়ো মানুষ আমরা, আয়-রোজগার নেই কীভাবে এই বাচ্চাদের দেখাশোনা করবো। ছোট্ট শিশু নাঈমা বলে, আমার আম্মুকে এনে দাও। আমি আম্মুর কাছে যাব। আম্মুর জন্য আমার কষ্ট লাগে। ১০ বছরের শিশু আইরিন বলে, ভাইবোন দুটো ঘুমের ঘরেও পুলিশ-পুলিশ বলে কান্না করে। আমার আব্বার লোন মাফ করে আমার মারে ছাড়িয়ে এনে দেন।।তিন শিশুর নানার অভিযোগ, অভাগা নাতি-নাতনিরা এখনও ঠিকমতো টাকা, ঋণ, লেনদেনের অর্থই বোঝে না। তাদের বয়স লুকিয়ে তাদের আসামি করেছে ব্যাংকটি। নিজেরই সংসার চলে না তার ওপর যুক্ত হয়েছে কন্যার এতিম নাবালক তিন সন্তান। তিনি বলেন, আমার মেয়েটারে দুই মাস আগে ধরে নিয়ে গেছে। টাকার অভাবে তাকে জামিন করে আনতে পারিনি। আমরা স্বল্প আয়ের মানুষ। মামলার কারণে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। মামলা আর তিন শিশু বাচ্চাকে নিয়ে কিছুই করতে পারছি না। শিশুদের মামলার আসামি করা মানবাধিকারের লঙ্ঘন। মৃত আমিন শেখের ঋণের মামলায় তার স্ত্রী কারাগারে। তিন শিশু সন্তানও মামলার আসামি। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা আশা করছি, আদালত বিয়ে সুবিবেচনা করবেন। উল্লেখ্য শিশু তিনটির মা পপি খাতুনের মুক্তি ও মৃত আমিন শেখের ঋণ মওকুফ করে এ মামলা থেকে তাদের অব্যাহতি দিতে আদালতের সুদৃষ্টি কামনা করেছে সচেতন মহল।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||