নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজ ইজিবাইক চালক শহিদুল মাতব্বর (৪৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ক্লু-লেস এ হত্যাকাণ্ডে জড়িত দুই ঘাতককে গ্রেফতারের পাশাপাশি নিহতের ব্যবহৃত ইজিবাইক ও আগুনে পোড়ানো লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন সকালে মুকসুদপুর উপজেলার কমলাপুর এলাকার বাসিন্দা মো. আব্দুস সালাম মাতব্বরের ছেলে শহিদুল মাতব্বর প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে জীবিকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ৭ জুন তার স্ত্রী সাথি আক্তার মুকসুদপুর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের ঘটনায় পুলিশ সুপারের নির্দেশনায় মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন এবং উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে ৮ জুন টেকেরহাট এলাকা থেকে শহিদুলের ব্যবহৃত ইজিবাইক উদ্ধার করা হয়।
অটো উদ্ধার হলেও চালকের কোনো সন্ধান না পাওয়ায় পুলিশ অভিযান আরও জোরদার করে। রাতভর বিশেষ অভিযানে প্রথমে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নূর হোসেন ওরফে মাইকেল (৩২) এবং তার সহযোগী পলাশ (৩৬)-কে গ্রেফতার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যার ভয়াবহ তথ্য। তদন্ত সংশ্লিষ্টরা জানান, শহিদুল, মাইকেল ও পলাশ পরস্পরের পরিচিত ছিলেন এবং নিয়মিত মাদক সেবন করতেন। ঋণের বোঝা ও নেশার খরচ মেটাতে মাইকেল ও পলাশ শহিদুলকে হত্যা করে তার ইজিবাইক বিক্রির পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী, গত ৬ জুন নেশা করার কথা বলে তারা শহিদুলকে মাদারীপুরের রাজৈর এলাকায় নিয়ে যায়। রাতে কবিরাজপুর নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি কাঠের দোকানে অবস্থানকালে শহিদুলকে ঘুমের ওষুধ মেশানো পানি পান করানো হয়। পরে ৭ জুন ভোররাতে তিনি অচেতন হয়ে পড়লে মাইকেল ও পলাশ তার গলায় রশি প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
হত্যার পর মরদেহটি শহিদুলের নিজস্ব ইজিবাইকে করে কিশোরদিয়া-কাটাগাংপাড় এলাকার একটি নির্জন খালের পাড়ে ফেলে রাখা হয়। এরপর ইজিবাইকটি বিক্রির উদ্দেশ্যে টেকেরহাট এলাকায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, ইজিবাইক উদ্ধার হওয়ার পর অভিযুক্তরা ঘটনাটিকে ডাকাতির নাটক হিসেবে সাজানোর পরিকল্পনা করে। একই সঙ্গে পরিচয় গোপন করতে পেট্রোল কিনে মরদেহে আগুন ধরিয়ে দেয় এবং লাশ বিকৃত করার চেষ্টা চালায়।
গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি এবং তাদের দেখানো স্থান থেকে পুলিশ শহিদুল মাতব্বরের আগুনে পোড়ানো লাশ উদ্ধার করে। এ ঘটনায় মুকসুদপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মতে, একজন ইজিবাইক চালককে পরিকল্পিতভাবে হত্যা করে তার যানবাহন বিক্রির চেষ্টা এবং পরে প্রমাণ নষ্ট করতে মরদেহে আগুন দেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শহিদুলের পরিবারের সদস্যরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||