ক্রাইম নিউজ ডেস্ক :

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে দুই ধরনের আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলিসহ মো. জামিল হোসেন ওরফে ‘শুটার জাকির’ ওরফে মো. জাকির ওরফে ‘খালাতোকে’ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি, একটি কালো রঙের বিদেশি রিভলবার, রিভলবারের চেম্বারে থাকা দুই রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জাকিরকে পেশাদার সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার হিসেবে শনাক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মিরপুর এলাকায় ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের তথ্যমতে, আওয়ামী লীগ সরকারের সময় জাকির কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে মিরপুর এলাকায় সক্রিয় ছিলেন। পরবর্তীতে জয় নিহত হওয়ার পর অপরাধীচক্রের আরেক সদস্য তাজকীরের সহযোগী হিসেবে তার অপরাধমূলক কার্যক্রম অব্যাহত রাখেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ জানায়, গত ৭ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে মিরপুর মডেল থানার সেনপাড়া পর্বতা এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সিজু (৩৮)-কে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনা ঘটে।
ওই ঘটনার পর জাকির পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী শ্যুটার মো. কাওছার ভুইয়া ওরফে শান্ত ওরফে ‘এসবি’কে (২৪) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় দুটি নিয়মিত মামলা করা হয়। এর মধ্যে একটি মামলায় হত্যার উদ্দেশ্যে হামলা ও গুরুতর আঘাতের অভিযোগ এবং অপরটি অস্ত্র আইনে দায়ের করা হয়েছে। মামলা দুটি বর্তমানে মিরপুর মডেল থানা পুলিশ তদন্ত করছে।
গ্রেপ্তার জাকিরের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||