
মাদারীপুরের আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে দেশীয় অস্ত্রসহ তাহসিন সিকদার (কিশোর) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) স্কুল ছুটির পর তাকে আটক করা হয়।
আটক তাহসিন সিকদার মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকার আজিজুল সিকদারের ছেলে।
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার স্কুলে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শেষে নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজের সঙ্গে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুর আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেন।
তবে রোববার স্কুল ছুটির পর বের হওয়ার সময় পূর্বের ওই বিরোধের জেরে নুর আলম বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ মিনহাজের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এ সময় মিনহাজের চিৎকার-চেঁচামেচি শুনে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসেন। পরে ঘটনাস্থল থেকে তাহসিন সিকদারকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আটক কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঘটনাটি ঘিরে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্কুল প্রাঙ্গণে বহিরাগতদের প্রবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||