
মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ৪ নম্বর ওয়ার্ড এলাকায় ঘরে ঢুকে আইভি নামে এক কাতারপ্রবাসীর স্ত্রীকে হত্যার পর তার ফুপু ও স্থানীয় বাসিন্দা হালান শরীফের বড় মেয়ে তানিয়াকে ঘুমন্ত অবস্থায় গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মুখোশধারী দুই ব্যক্তির বিরুদ্ধে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, মুখে মাস্ক পরিহিত দুই ব্যক্তি ঘরে প্রবেশ করে প্রথমে আইভিকে হত্যা করে। পরে তার ফুপু ও প্রতিবেশী হালান শরীফের বড় মেয়ে কিশোরী তানিয়াকে ঘুমন্ত অবস্থায় গলায় ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ছুরিকাঘাতে গুরুতর আহত তানিয়াকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহত তানিয়ার লিখে যাওয়া একটি চিরকুটে হামলাকারীদের বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। ওই চিরকুটে উল্লেখ করা হয়, মুখে মাস্ক পরিহিত দুই ব্যক্তি ঘরে প্রবেশ করে পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
তবে কী কারণে আইভিকে হত্যা এবং তানিয়াকে ছুরিকাঘাত করা হয়েছে, হামলাকারীরা কারা এবং ঘটনার সঙ্গে পূর্বশত্রুতা বা অন্য কোনো কারণ জড়িত কি না—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। হত্যাকাণ্ড ও কিশোরীর ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||