নিজস্ব প্রতিবেদক, ফয়সাল মোল্লা :

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে ঢাকা–গোপালগঞ্জ–ঢাকা রুটে নতুন এক জোড়া কমিউটার ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১০ আগস্ট ২০২৬ (সোমবার) থেকে ১৩৫/১৩৬ নম্বর "অভিযাত্রী কমিউটার" নামে ট্রেনটি নিয়মিত চলাচল শুরু করবে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ-১, গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্যদের উদ্যোগ ও ধারাবাহিক প্রচেষ্টার ফলেই বহুল প্রতীক্ষিত এই ট্রেনটি চালুর সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এসেছে। ট্রেনটি চালু হলে গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের যাতায়াত সংকট অনেকাংশে কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, কমিউটার ট্রেন হওয়ায় মাত্র ১৪৫ টাকা ভাড়ায় ঢাকা থেকে গোপালগঞ্জ কিংবা গোপালগঞ্জ থেকে ঢাকা ভ্রমণের সুযোগ পাবেন সাধারণ যাত্রীরা। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও স্বল্প আয়ের মানুষের জন্য রাজধানীর সঙ্গে যোগাযোগ আরও সহজ ও সাশ্রয়ী হবে।
স্থানীয় বাসিন্দাদের মতে, নতুন এই ট্রেন চালুর ফলে সড়কপথের যানজট ও অতিরিক্ত ভাড়ার চাপ কমবে। পাশাপাশি জেলার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় রাজধানীমুখী যাতায়াত আরও গতিশীল হবে।
তবে ট্রেনটির নির্দিষ্ট সময়সূচি, পথে কোন কোন স্টেশনে যাত্রাবিরতি থাকবে এবং টিকিট বিক্রির পদ্ধতি সম্পর্কে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গোপালগঞ্জবাসী নতুন এই ট্রেন চালুর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং নির্ধারিত সময়েই ট্রেনটি নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||