মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে থাকা শেষ হিংস্র কুমিরটিকে অপসারণ করেছে প্রশাসন।
সম্প্রতি কুমিরটির আক্রমণে এক শিশুর মৃত্যুর ঘটনার পর জননিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বুধবার (৩ জুন) সকাল থেকে বন বিভাগ, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা মাজার এলাকায় অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে দিঘির পূর্ব পাড়ে কুমিরটির অবস্থান শনাক্ত করা হয়। পরে বিশেষ কৌশলে খাবারের মাধ্যমে প্রাণীটিকে নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু হয়।
দুপুর ১২টার দিকে কুমিরটিকে সফল ভাবে বেঁধে দিঘি থেকে তুলে আনা হয়। এরপর একটি বিশেষ যানবাহনে করে খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন গণমাধ্যমকে বলেন, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মাজারের দিঘিতে থাকা কুমিরটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত প্রাণীটিকে খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হচ্ছে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুমিরটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
গত সোমবার রাতে মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে ফাতেমা (৭) নামে এক শিশু কুমিরের আক্রমণের শিকার হয়। পরে উদ্ধার অভিযানের মাধ্যমে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকেই কুমিরটিকে সরিয়ে নেওয়ার দাবিতে এলাকায় উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়।
প্রসঙ্গত, প্রায় সাড়ে ছয় শতাব্দীর ঐতিহ্য বহনকারী খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘির কুমিরগুলো দীর্ঘদিন ধরে দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। শেষ কুমিরটি অপসারণের মধ্য দিয়ে ঐতিহাসিক এই দিঘির একটি অধ্যায়ের অবসান ঘটল।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||