মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ.) মাজারের দীঘির কুমিরকে ঘিরে খুলনায় বিভিন্ন ধরনের আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কুমিরটির বর্তমান অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য প্রচার হচ্ছে।
এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, খুলনায় আনার পর থেকে গত ১৮ দিন ধরে কুমিরটি খাবার গ্রহণ করেনি। তবে এসব দাবির কোনো আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি।
গত ১ জুন সন্ধ্যায় বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ.) মাজারের দীঘিতে ফাতেমা নামের এক শিশুকে টেনে নিয়ে যায় একটি কুমির। এরপর থেকেই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।
উদ্ভূত পরিস্থিতিতে মাজার কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের অনুরোধে গত ৩ জুন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ দীর্ঘ চেষ্টার পর কুমিরটিকে উদ্ধার করে খুলনায় নিয়ে আসে।
এরপর থেকেই কুমিরটির অবস্থান ও আচরণ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা তৈরি হয়। বিষয়টি নিয়ে জানতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল জানান, মানুষের নিরাপত্তা এবং কুমিরের সুরক্ষা নিশ্চিত করা সাপেক্ষে মাজার কমিটি চাইলে কুমিরটি আবারও দীঘিতে ফিরিয়ে দেওয়া হতে পারে।
তিনি বলেন, মানুষ এবং কুমির উভয়ের নিরাপত্তাই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। কুমিরটি মাঝেমধ্যে দীঘি থেকে লোকালয়ে চলে আসত। এতে মানুষের ওপর আক্রমণের ঝুঁকি ছিল, আবার ক্ষুব্ধ জনতার হাতে কুমিরটির ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও থাকত।
তিনি আরও বলেন, মাজার কমিটি যদি আগামী এক থেকে দুই মাসের মধ্যে উভয় পক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তাহলে কুমিরটি ফেরত দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে। অন্যথায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগীয় বন কর্মকর্তা আরও জানান, মিঠা পানির এই কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৭ থেকে ৮ ফুট, ওজন আনুমানিক ৫০০ থেকে ৬০০ কেজি এবং বয়স প্রায় ৫০ বছর। বর্তমানে এটি খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সরীসৃপ প্রাণী হওয়ায় কুমিরটি পানি ও স্থল উভয় জায়গায় চলাফেরা করতে পারলেও অতিরিক্ত ওজনের কারণে স্বাভাবিক চলাচলে কিছুটা সীমাবদ্ধতা দেখা দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কুমিরটির জন্য নিয়মিত পানি পরিবর্তন ও প্রয়োজনীয় পরিচর্যা করা হচ্ছে।
উল্লেখ্য, খানজাহান আলী (রহ.) মাজারের দীঘিতে একসময় ঐতিহ্যবাহী ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’ নামে দুটি বিখ্যাত কুমির ছিল। সেগুলো মারা যাওয়ার পর ভারত থেকে মিঠা পানির কুমির এনে দীঘিতে ছাড়া হয়। পরবর্তীতে বিভিন্ন ঘটনায় শেষ পর্যন্ত একটি কুমিরই বেঁচে থাকে, যা বর্তমানে খুলনার পুনর্বাসন কেন্দ্রে রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||