
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন আটতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে দ্রুত বের হতে গিয়ে হুড়োহুড়ি ও পদদলিত হয়ে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালের নতুন আটতলা ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় অনেকে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামার চেষ্টা করেন। একপর্যায়ে সিঁড়িতে হুড়োহুড়ি ও পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—নেত্রকোনার পূর্বধলার হাজেরা বেগম (৫০), ময়মনসিংহের ফুলবাড়িয়ার শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) এবং তারাকান্দার কুলসুমা (৩৫)। নিহত অপরজন এক বছর বয়সী এক শিশু। তার পরিচয় এখনো জানা যায়নি।
হাসপাতালের জরুরি বিভাগ থেকে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম সোমবার রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুনে সরাসরি মৃত্যুর কোনো ঘটনা ঘটেছে বলে স্বীকার করেননি।
হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা এক বেসরকারি কর্মকর্তা জানান, আগুনের খবর ছড়িয়ে পড়ার পর রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। দ্রুত নিচে নামতে গিয়ে হুড়োহুড়ি এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।
অগ্নিকাণ্ডের পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||