মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শনিবার খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি প্রকল্পের প্রধান সড়ক, চারটি সুইচগেট, প্রকল্প এলাকার ম্যাপ এবং রূপসা সেতুর প্রবেশ মুখে নির্মাণাধীন ব্রিজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি প্রকল্প এলাকার জনসাধারণের সঙ্গে কথা বলেন।
দীর্ঘদিনের ভোগান্তির শিকার খুলনার অন্যতম প্রবেশপথ এই সড়কটি।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে চলমান এই সড়কের নির্মাণ ও উন্নয়ন কাজ শেষ না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়ক নির্মাণের সময় স্থানীয় অনেকের বাড়ি-ঘর অধিগ্রহণ করা হলেও প্রকল্পটি দীর্ঘ সময়েও সম্পূর্ণ ভাবে বাস্তবায়িত হয়নি। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। খুলনার গণমানুষের দাবি, দ্রুততম সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘব করা হোক।
পরিদর্শন শেষে মন্ত্রিপরিষদ সচিব খুলনা সার্কিট হাউজে শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (তৃতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্প বাস্তবায়ন সভায় যোগদান করেন। এর আগে তিনি সার্কিট হাউজ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।
সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)’র সচিব সিরাজুন নূর চৌধুরী, খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম এবং প্রকল্প পরিচালক মো: আরমান হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসন, কেডিএর কর্মকর্তারা এবং খুলনার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||