
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে টার্মিনালের পেছনের অংশে এ ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর আসে। পরে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে প্রাথমিকভাবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।
তবে পুলিশের প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, মহাখালী বাস টার্মিনালের পেছনের শেষ প্রান্তে সোহাগ পরিবহনের বাসটি পার্কিং করা ছিল। রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয় বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এক উপপরিদর্শক জানিয়েছেন। তাঁর দাবি, আগুনে বাসটি পুরোপুরি পুড়ে যায়।
অন্যদিকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো আগুনের কারণ নিশ্চিত করা হয়নি। ফলে ঘটনাটি অগ্নিকাণ্ড নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ—তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।
মহাখালীর ঘটনার কয়েক ঘণ্টা আগে একই রাতে রাজধানীর পল্লবী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাত সোয়া ১০টার দিকে মিরপুর-১২ নম্বরের পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত বোতলে করে পেট্রোল ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে বাসের চালক ও সহকারী এবং স্থানীয়দের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাসটির পেছনের দুটি আসন পুড়ে যায়। ওই সময় বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি তদন্তে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
একই রাতে রাজধানীর পৃথক দুই এলাকায় গণপরিবহনে আগুনের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মহাখালীর মতো গুরুত্বপূর্ণ বাস টার্মিনালে পার্কিং করে রাখা বাসে আগুনের ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

মহাখালীর ঘটনায় আগুনের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কেউ জড়িত থাকলে তাদের পরিচয় তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||