
গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য খোকা শিকদার (৬০)-কে দুর্বৃত্তরা ধরে নিয়ে মধুমতি নদীতে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। নদী থেকে সাঁতরে তীরে উঠেও শেষ পর্যন্ত জীবন রক্ষা হয়নি তার। চিকিৎসাধীন অবস্থায় খুলনায় তার মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭ টার সময় এ ঘটনা ঘটেছে বলে, এলাকাবাসীর সূত্রে জানা যায়
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি চর গোবরা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য খোকা শিকদারকে কয়েকজন ব্যক্তি ধরে নিয়ে মধুমতি নদীতে ফেলে দেয়। এ সময় তাকে কি খাবার বা পানীয়ের পদার্থ খাওয়ানো হয়েছিল বলেও তিনি মৃত্যুর আগে দেওয়া বক্তব্যে দাবি করেন।
নদীতে ফেলে দেওয়ার পর জীবন বাঁচাতে দীর্ঘ সময় সাঁতার কাটেন খোকা শিকদার। একপর্যায়ে তিনি গ্লেসনগর এলাকার নদীর তীরে উঠে আসতে সক্ষম হন। পরে স্থানীয় লোকজন তাকে অসুস্থ ও দুর্বল অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য প্রথমে গোপালগঞ্জ পরবর্তীতে খুলনা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৩টায় তার মৃত্যু হয়।
মৃত্যুর আগে মধুমতি নদীর তীরে বসে স্থানীয় এলাকাবাসীর সামনে একটি ভিডিও বক্তব্য দেন খোকা শিকদার। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়—
“আমাকে ওরা কী যেন খাইয়ে দিয়ে নদীতে ফেলে দেয়। আমি অনেক কষ্টের সাঁতার কেটে কূলে আইছি। আমাকে বাঁচান।”
তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কেন বা কারা ধরে নিয়ে নদীতে ফেলে দিয়েছিল—এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়; এর পেছনে পরিকল্পিত হামলা বা অন্য কোনো কারণ থাকতে পারে। তবে কারা তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং কী উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।
খোকা শিকদারের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় উদঘাটনে তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে তার মৃত্যুর আগে দেওয়া ভিডিও বক্তব্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করার দাবি উঠেছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা বা লিখিত অভিযোগ করা হয়েছে কি না এবং পুলিশ এ বিষয়ে কী ধরনের আইনগত ব্যবস্থা নিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||