মো: আল মাসুম খান,বিভাগীয় ব্যুরো চিফ খুলনা:

দেশের ক্রমবর্ধমান করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরার ভোমরা পোর্ট ইমিগ্রেশন চেকপোষ্টে করোনা সতর্কতা জোরদার করা হয়েছে। ভারত ও বাংলাদেশে যাতায়াতকারীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তাদের বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হচ্ছে। ভোমরা পোর্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপরিদর্শক (এসআই) তুফান দুলাল মন্ডল গণমাধ্যমকে জানান, পর্যটক ভিসা বন্ধ থাকায় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা আগের তুলনায় অনেক কম। তবে বর্তমান সময়ে প্রতিদিন পাসপোর্টধারী প্রায় ৩০০ জন যাত্রী ভারতে যাতায়াত করে থাকেন । স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এখানে মেডিকেল টিম কাজ করছে।
এদিকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাড়তি সতর্কতার পাশাপাশি মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য বাংলাদেশ চেকপোস্টে প্রবেশ ও প্রস্থানকারী যাত্রীদের অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। বিশেষ করে মাস্ক ব্যবহারে তাদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। বজায় রাখছেন না সামাজিক দূরত্বও। ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের প্রবেশ পথে স্থাপিত মেডিকেল টিমে দায়িত্বরত স্বাস্থ্য সহকারী মো: মনিরুজ্জামান গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, আজ বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ৬০ জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। গতকাল মঙ্গলবার আমরা ৮২ জনকে পরীক্ষা করেছি। উল্লেখ্য বাংলাদেশ ভারত সীমান্তে আগত আন্তর্জাতিক যাত্রীদের নাম, পাসপোর্ট নম্বর এবং স্বাস্থ্য পরীক্ষার তথ্য সংরক্ষণ করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||