মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

ভূগর্ভস্থ পানির নিচে লুকিয়ে থাকা নতুন এক নীরব বিপদের নাম ম্যাঙ্গানিজ। এত দিন আর্সেনিক, ফ্লোরাইড ও নাইট্রেট দূষণ নিয়ে বিশ্ব জুড়ে আলোচনা হলেও এবার বিজ্ঞানীরা সতর্ক করছেন ভূগর্ভস্থ পানিতে অতিরিক্ত মাত্রার ম্যাঙ্গানিজের উপস্থিতি নিয়ে। দীর্ঘদিন বেশি মাত্রার ম্যাঙ্গানিজ যুক্ত পানি পান করলে মানুষের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
বিশেষ করে শিশু ও নবজাতকদের জন্য এটি বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
বিশ্ব জুড়ে ভূগর্ভস্থ পানিতে ম্যাঙ্গানিজের ঝুঁকি নিয়ে গবেষণায় দেখা গেছে, বিপুল সংখ্যক মানুষ এমন পানি ব্যবহার করছেন যেখানে ম্যাঙ্গানিজের মাত্রা নিরাপদ সীমার চেয়ে বেশি। ঝুঁকিতে থাকা মানুষের বড় অংশই এশিয়ার ঘন বসতিপূর্ণ অঞ্চলে বসবাস করেন।
গবেষণায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নদী অববাহিকা গুলোকে ম্যাঙ্গানিজ দূষণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশের গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলও এই ঝুঁকির মধ্যে রয়েছে। দেশের বিপুল জনগোষ্ঠী এখনো ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হওয়ায় বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ম্যাঙ্গানিজ মানব দেহের জন্য প্রয়োজনীয় একটি খনিজ উপাদান। তবে অতিরিক্ত মাত্রায় শরীরে প্রবেশ করলে এটি ক্ষতিকর হয়ে উঠতে পারে। দীর্ঘদিন বেশি মাত্রার ম্যাঙ্গানিজ যুক্ত পানি পান করলে স্নায়ুতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। শিশুদের মস্তিষ্কের বিকাশ, শেখার ক্ষমতা ও আচরণগত বিকাশেও এর প্রভাব পড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, পানিতে থাকা ম্যাঙ্গানিজের ঝুঁকি অনেক সময় চোখে দেখা যায় না। একটি নলকূপের পানি আর্সেনিক মুক্ত হলেও তা পুরোপুরি নিরাপদ, এমন নিশ্চয়তা দেওয়া যায় না। কারণ পানিতে থাকা অন্যান্য ক্ষতিকর উপাদানের মতো ম্যাঙ্গানিজের উপস্থিতিও আলাদাভাবে পরীক্ষা করা প্রয়োজন।
বাংলাদেশের গ্রামাঞ্চল সহ বিভিন্ন এলাকায় এখনো অসংখ্য পরিবার নিয়মিত পরীক্ষা ছাড়াই নলকূপের পানি ব্যবহার করছে। ফলে ভূগর্ভস্থ পানির গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষা ও পর্যবেক্ষণ বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ম্যাঙ্গানিজ যুক্ত পানি বিশুদ্ধ করার কার্যকর ব্যবস্থা রয়েছে। পানিকে অক্সিজেনের সংস্পর্শে এনে এবং পরবর্তীতে উপযুক্ত ফিল্টারের মাধ্যমে পরিশোধন করলে পানির অতিরিক্ত ম্যাঙ্গানিজ দূর করা সম্ভব। সাধারণ বালির ফিল্টার সহ আধুনিক পানি পরিশোধন প্রযুক্তি ব্যবহার করেও এই সমস্যা নিয়ন্ত্রণ করা যায়।
বাংলাদেশে নিরাপদ পানির জন্য এখন প্রয়োজন নলকূপের পানির নিয়মিত পরীক্ষা, আর্সেনিকের পাশাপাশি ম্যাঙ্গানিজসহ অন্যান্য ক্ষতিকর উপাদানের উপস্থিতি যাচাই এবং জনসচেতনতা বৃদ্ধি করা।
বিশেষ করে শিশুদের ব্যবহারের পানির ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।
পানির নিচে থাকা এই নীরব ঘাতক যেন ভবিষ্যতে বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত না হয়, সেজন্য এখন থেকেই ভূগর্ভস্থ পানির মান নিয়ন্ত্রণ ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||