ভিসা এজেন্ট ও দালালের মাধ্যমে প্রতারণার শিকার না হতে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
সম্প্রতি এক সতর্কবার্তায় হাইকমিশন জানিয়েছে, আবেদনকারীদের কাছ থেকে টাকা নিয়ে কিছু দালাল তাদের পাসপোর্টে ভারতীয় ইমিগ্রেশনের নকল স্ট্যাম্প এবং অন্যান্য দেশের ভুয়া ভিসা স্ট্যাম্প লাগিয়ে দেওয়ার মতো প্রতারণা করছে।
হাইকমিশন বলেন, যারা নিশ্চিত ভিসা বা সহজে ভিসা অনুমোদনের প্রতিশ্রুতি দেয়, তাদের বিশ্বাস করা উচিত নয়। ভিসা প্রক্রিয়ায় কোনো শর্টকাট নেই। আবেদনকারীদের মিথ্যা, মনগড়া বা পরিবর্তিত স্ট্যাম্প এবং তথ্যযুক্ত পাসপোর্ট বা নথিপত্র জমা না দেওয়ারও পরামর্শ দিয়েছে হাইকমিশন।
ভিসা যাচাইয়ের সময় এ ধরনের জালিয়াতি শনাক্ত করা হয় বলে সতর্ক করা হয়েছে। সতর্ক বার্তায় বলা হয়, জাল বা বিকৃত নথিপত্রসহ আবেদন বাতিল করা হবে। একই সঙ্গে এ ধরনের জালিয়াতির নেতিবাচক প্রভাব ভবিষ্যতের ভিসা আবেদনের ওপরও পড়তে পারে। হাইকমিশন আরও জানিয়েছে, ভিসা প্রক্রিয়াকে প্রভাবিত করার দাবি করা কোনো এজেন্ট বা দালালকে টাকা দেওয়া উচিত নয়। আবেদনকারীদের সরাসরি নির্ভরযোগ্য ও অনুমোদিত ভিসা প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। নিশ্চিত ভিসা, দ্রুত ভিসা বা ভিসা অনুমোদনের নিশ্চয়তার কথা বলে কোনো ব্যক্তি বা দালাল টাকা চাইলে সতর্ক থাকতে হবে। ভুয়া বা পরিবর্তিত কোনো নথি ব্যবহার করলে আবেদন বাতিলের পাশাপাশি ভবিষ্যতের ভিসা আবেদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
