মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

প্লাস্টিকের বোতলে পানি পান করা স্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে নতুন গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সাদা বালুকাময় সৈকত আজ প্লাস্টিকের আবর্জনায় ঢেকে যাচ্ছে, যার বড় একটি অংশই প্লাস্টিকের বোতল। এই বাস্তবতাই পরিবেশ বিষয়ক সফটওয়্যার কোম্পানির সাবেক সহ-প্রতিষ্ঠাতা সারা সাজেদিকে নতুন ভাবে ভাবতে বাধ্য করে। তিনি উপলব্ধি করেন, শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয়, মানুষের অতিরিক্ত ভোগের অভ্যাসই প্লাস্টিক দূষণের মূল কারণ। সেই উপলব্ধি থেকেই তিনি গবেষণায় মনোনিবেশ করেন।
কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটির ডক্টরাল শিক্ষার্থী হিসেবে সারা প্রায় ১৪০টি বৈজ্ঞানিক গবেষণাপত্র বিশ্লেষণ করেন, যাতে প্লাস্টিকের বোতল মানুষের শরীরে কী ধরনের প্রভাব ফেলে, তা জানার চেষ্টা করা হয়। আর সেখান থেকেই উঠে আসে এক ভয়াবহ তথ্য।
গবেষণায় দেখা গেছে, একজন মানুষ খাবার ও পানির মাধ্যমে বছরে গড়ে ৩৯ থেকে ৫২ হাজার মাইক্রোপ্লাস্টিক কণা অজান্তেই শরীরে গ্রহণ করে। তবে যারা প্রতিদিন বোতলজাত পানি পান করেন, তাদের শরীরে বছরে অতিরিক্ত প্রায় ৯০ হাজার মাইক্রোপ্লাস্টিক কণা প্রবেশ করে।
সারা সাজেদি গণমাধ্যমকে বলেন, "খুব বিপদে পড়লে প্লাস্টিকের বোতলের পানি পান করা যেতে পারে। কিন্তু এটিকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করা উচিত নয়। এখনই হয়তো এর ক্ষতি বোঝা যাবে না, তবে দীর্ঘমেয়াদে এটি শরীরের বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।"
মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিকের অত্যন্ত ক্ষুদ্র কণা, যার আকার ১ মাইক্রোমিটার থেকে ৫ মিলিমিটার পর্যন্ত হতে পারে। এর চেয়েও ছোট কণাকে বলা হয় ন্যানোপ্লাস্টিক। এসব কণা খালি চোখে দেখা যায় না। প্লাস্টিকের বোতল তৈরির সময়, সংরক্ষণে কিংবা পরিবহনের সময় এসব কণা তৈরি হতে পারে।
বিশেষ করে রোদে রাখা বা তাপমাত্রার পরিবর্তনের কারণে নিম্নমানের প্লাস্টিকের বোতল থেকে মাইক্রোপ্লাস্টিক পানিতে মিশে যায় এবং পানি পান করার সঙ্গে সঙ্গে তা শরীরে প্রবেশ করে।
গবেষকদের মতে, একবার শরীরে প্রবেশ করলে এসব অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা রক্তের সঙ্গে মিশে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে পৌঁছে যেতে পারে। এর ফলে দীর্ঘস্থায়ী প্রদাহ, হরমোনের ভারসাম্যহীনতা, প্রজনন ক্ষমতার ক্ষতি এবং স্নায়ুতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। কিছু কিছু ক্ষেত্রে ক্যানসারের সঙ্গেও এর সম্ভাব্য সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিকের ব্যাগ ও স্ট্র ব্যবহারে কঠোর বিধিনিষেধ থাকলেও প্লাস্টিকের বোতল ব্যবহারের ক্ষেত্রে তেমন কার্যকর নিয়ন্ত্রণ নেই। অথচ বিশেষজ্ঞদের মতে, এটি মানুষের স্বাস্থ্যের জন্য সরাসরি ঝুঁকির কারণ হতে পারে।
নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। তবে সেই নিরাপত্তা নিশ্চিত করতে প্লাস্টিকের বোতলের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া সমাধান নয়। সারা সাজেদির গবেষণা আমাদের সামনে সেই অদৃশ্য স্বাস্থ্যঝুঁকির বিষয়টি নতুন করে তুলে ধরেছে।
তাই তৃষ্ণা মেটাতে প্লাস্টিকের বোতল কেনার আগে অন্তত দুবার ভাবুন। পরিবেশ রক্ষার পাশাপাশি নিজের সুস্থতার জন্যও প্লাস্টিকের বোতলের ব্যবহার যতটা সম্ভব এড়িয়ে চলাই হতে পারে নিরাপদ সিদ্ধান্ত।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||