মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

আজ ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ এবং চিকিৎসা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে বিশ্ব ব্যাপী দিবসটি পালিত হচ্ছে।
নোবেল জয়ী বিজ্ঞানী ড. বারুচ ব্লুমবার্গ ১৯৬৭ সালে হেপাটাইটিস ‘বি’ ভাইরাস আবিষ্কার করেন এবং দুই বছর পর এর প্রথম প্রতিষেধক বা টিকা উদ্ভাবন করেন। চিকিৎসা বিজ্ঞানে তাঁর অসামান্য অবদানকে সম্মান জানিয়ে তাঁর জন্মদিন ২৮ জুলাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে নির্ধারণ করেছে।
দিবসটির মূল লক্ষ্য হলো হেপাটাইটিস ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ ভাইরাস সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরি করা এবং এর প্রতিরোধ ও চিকিৎসাকে আরও কার্যকর করা।
বিশেষজ্ঞরা বলছেন, হেপাটাইটিস ‘বি’-এর টিকা একটি নিরাপদ ও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। শিশুর জন্মের পর থেকেই যেহেতু জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় নিয়মিত টিকা দেওয়া হয়, তাই জন্মের ২৪ ঘণ্টার মধ্যে সব নবজাতককে বিনামূল্যে হেপাটাইটিস ‘বি’-এর ‘বার্থ ডোজ’ টিকা দেওয়া সম্ভব।
তাদের মতে, শুধু নবজাতক নয়, বাংলাদেশের যেসব নাগরিক এখনো হেপাটাইটিস ‘বি’ টিকা গ্রহণ করেননি এবং চিকিৎসাগত ভাবে উপযুক্ত, তাদেরও পর্যায়ক্রমে সরকারি ভাবে সার্বজনীন ও বিনামূল্যে টিকার আওতায় আনা প্রয়োজন। এতে দেশে হেপাটাইটিস ‘বি’ সংক্রমণ, লিভার সিরোসিস এবং লিভার ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে কমানো সম্ভব হবে।
বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সালে মাত্র আটটি থানায় পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়। সে সময় ছয়টি সংক্রামক রোগের টিকা দেওয়া হলেও হেপাটাইটিস ‘বি’ টিকা কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল না।
পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ২০০২-২০০৩ সালের দিকে হেপাটাইটিস ‘বি’ টিকাকে জাতীয় টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়।
২০০৩-২০০৪ সালের মধ্যে শিশুদের নিয়মিত ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী হেপাটাইটিস ‘বি’ টিকা প্রদান শুরু হয়। পরে ২০০৯ সাল থেকে এই টিকাকে ‘পেন্টাভ্যালেন্ট’ ভ্যাকসিনের অংশ হিসেবে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়।
তবে চিকিৎসকদের মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ অর্থাৎ নবজাতকের জন্মের ২৪ ঘণ্টার মধ্যে হেপাটাইটিস ‘বি’-এর ‘বার্থ ডোজ’ এখনো সার্বজনীন ভাবে চালু হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দীর্ঘদিন ধরে এই ডোজ চালুর সুপারিশ করে আসছে।
লিভার বিশেষজ্ঞদের মতে, মা থেকে শিশুর শরীরে হেপাটাইটিস ‘বি’ ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জন্মের ২৪ ঘণ্টার মধ্যে ‘বার্থ ডোজ’ দেওয়া সবচেয়ে কার্যকর ব্যবস্থা। তাই ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের বৈশ্বিক লক্ষ্য অর্জনে দ্রুত জাতীয় ভাবে ‘বার্থ ডোজ’ চালুর পাশাপাশি দেশের সব নাগরিককে ধাপে ধাপে বিনামূল্যে হেপাটাইটিস ‘বি’ টিকার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বাংলাদেশে লাখ লাখ মানুষ হেপাটাইটিসে আক্রান্ত হলেও তাদের অনেকেই রোগ নির্ণয়ের বাইরে রয়েছেন। দ্রুত পরীক্ষা, চিকিৎসা, টিকাদান সম্প্রসারণ এবং নবজাতকদের ‘বার্থ ডোজ’ নিশ্চিত করা না গেলে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে।
তারা আরও বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে দেশের সব হাসপাতালে সহজলভ্য ও স্বল্প খরচে হেপাটাইটিস শনাক্তকরণ ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এদিকে লিভার সিরোসিস ও লিভার ক্যানসারে আক্রান্ত রোগীদের জন্য সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারি ভাবে এককালীন ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তবে মরণঘাতী এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বর্তমানের এই আর্থিক সহায়তা অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত নয়। রোগীর চিকিৎসা ব্যয়, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার বাস্তবতা বিবেচনায় সরকারি এই অনুদানের পরিমাণ আরও কয়েক গুণ বৃদ্ধি করা এবং অধিক সংখ্যক রোগীকে এই সহায়তার আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, পাশাপাশি ন্যাশনাল ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড লিভার ডিজিজেস হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপনের কাজও চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||