মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে খুলনায় আলোচনা সভা (সোমবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘শিশু শ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। তিনি বলেন, শিশু শ্রম নিরসনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। ঝুঁকি পূর্ণ কাজে শিশুদের নিয়োজিত থাকলে অঙ্গহানি এমনকি প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, দারিদ্র্য, পারিবারিক সংকট এবং মাদকের নেতিবাচক প্রভাবের কারণে অনেক শিশু শ্রমে যুক্ত হচ্ছে। দরিদ্র ও অসহায় পরিবারের শিশুদের জন্য আর্থিক সহায়তা, লেখাপড়ায় উৎসাহ দিতে মেধা বৃত্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সব দপ্তর ও অংশীজনকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, মাসসের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, জাতীয় শ্রমিক দলের আহ্বায়ক মো. মজিবুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের সহকারী ম্যানেজার লিটন কুমার মন্ডল প্রমুখ। স্বাগত বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ। প্রবন্ধ উপস্থাপন করেন একই অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. শাহিনুর রহমান।
অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করে খুলনা জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায়।এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।বক্তারা বলেন, শিশুশ্রম নির্মূলে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়। দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, অভিভাবকদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং ঝরে পড়া শিশুদের জন্য বিশেষ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে পরিবারভিত্তিক সচেতনতা বাড়িয়ে শিশুদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী প্রতি বছর ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়। বাংলাদেশে এ বছর বিশেষ কারণে ১২ জুনের পরিবর্তে ২৯ জুন দিবসটি পালন করা হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৮.৭ নম্বর সূচক অনুযায়ী শিশুশ্রম নিরসনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া সরকার ঘোষিত ৪৩টি ঝুঁকিপূর্ণ খাতে শিশুদের নিয়োগ আইন অনুযায়ী সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||