মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

[ বিশ্ব বাঘ দিবসের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। ]
আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। বাঘ সংরক্ষণ নিয়ে যখন বিশ্বজুড়ে নানা উদ্যোগের কথা বলা হচ্ছে, ঠিক তখনই বাংলাদেশের সুন্দরবনে একটি উদ্ধার ও পুনর্বাসিত বাঘিনীর বর্তমান অবস্থান নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।
ছয় মাস চিকিৎসার পর বনে ফিরিয়ে দেওয়া বাঘিনীর নেই কোনো হদিস, বিজ্ঞান ভিত্তিক পর্যবেক্ষণ নিয়ে উঠছে প্রশ্ন।
ছয় মাস চিকিৎসার পর সুস্থ করে সুন্দরবনে ফিরিয়ে দেওয়া সেই বাঘিনী কি আদৌ নিরাপদে বেঁচে আছে ?
নাকি হারিয়ে গেছে সুন্দরবনের বিশাল জঙ্গলে ?
ঘটনার শুরু চলতি বছরের ৪ জানুয়ারি। সুন্দরবনের বৈদ্যমারী ফরেস্ট ক্যাম্পের শরকির খালের পাশে মানুষের পাতা ফাঁদে আটকা পড়ে গুরুতর আহত হয় একটি বাঘিনী। বন বিভাগের কর্মীদের প্রচেষ্টা ও দীর্ঘ ছয় মাসের চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে গত ১৩ জুলাই সেটিকে আবার সুন্দরবনে অবমুক্ত করা হয়।
কিন্তু অবমুক্তির পর থেকে এখন পর্যন্ত বাঘিনীটির কোনো নিশ্চিত অবস্থান শনাক্ত করা যায়নি। ফলে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।
ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েনি বাঘিনী
সুস্থ করে তোলা বাঘিনীটিকে বাগেরহাটের মোংলার চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের দক্ষিণে অবমুক্ত করা হয়।
তার গতিবিধি পর্যবেক্ষণের জন্য বন বিভাগ আট কিলোমিটার এলাকা জুড়ে ২০টি ক্যামেরা ট্র্যাপ স্থাপন করে। কিন্তু এখন পর্যন্ত কোনো ক্যামেরাতেই ওই বাঘিনীর ছবি ধরা পড়েনি।
ক্যামেরা ট্র্যাপে অন্য বাঘ ছাড়াও চিত্রা হরিণ, মায়া হরিণ, বনমোরগ, বন্য শূকর, মেছো বাঘ ও উদ্বিড়ালের ছবি পাওয়া গেছে। এমনকি নতুন করে আরও তিনটি বাঘিনী শনাক্ত করা হয়েছে। তবে উদ্ধার করে অবমুক্ত করা বাঘিনীটির কোনো ছবি মেলেনি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে নতুন বাঘ শনাক্ত করা গেলেও চিকিৎসা শেষে অবমুক্ত করা বাঘিনীটির ছবি পাওয়া যায়নি।
কেন লাগানো হয়নি রেডিও কলার ?
অনুসন্ধানে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, বাঘিনীটির গতিবিধি সরাসরি পর্যবেক্ষণের জন্য কেন তার শরীরে রেডিও কলার বা কোনো ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করা হয়নি।
বন কর্মকর্তারা বলছেন, ক্যামেরা ট্র্যাপ, নিয়মিত টহল ও ড্রোন নজরদারির মাধ্যমে বাঘিনীটির অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।
তবে বিশেষজ্ঞদের মতে, একটি আহত বাঘকে দীর্ঘ চিকিৎসার পর পুনরায় বনে ফেরানোর ক্ষেত্রে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে তার চলাচল পর্যবেক্ষণ করা প্রয়োজন ছিল।

বিশেষজ্ঞদের প্রশ্ন: পরিকল্পনা কি যথেষ্ট ছিল ?
বন্যপ্রাণী, চিড়িয়াখানা ও সাফারি পার্ক বিশেষজ্ঞ রেজা খান বলেন, রেডিও কলার বা কোনো ট্র্যাকার ছাড়া এভাবে বাঘিনীটিকে ছেড়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত হয়েছে, সেই প্রশ্ন থেকেই যায়।
তিনি বলেন, বাঘিনীটিকে সঠিক ভাবে পর্যবেক্ষণ করা হলে অন্তত জানা যেত সে কোথায় আছে এবং সুস্থ আছে কি না। এখন সে বেঁচে আছে কি না, সেটিও নিশ্চিত নয়।
রেজা খান আরও বলেন, অন্য বাঘ এমনকি বন্য শূকরও তার জন্য হুমকি হতে পারে। তাই অবমুক্তির পর তার গতিবিধি পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি ছিল।
তিনি বলেন, ড্রোন দিয়ে নজরদারি কতটা কার্যকর, সেটিও বিবেচনার বিষয়। দক্ষ ট্র্যাকারদের কাজে লাগিয়ে ৫ থেকে ১০ কিলোমিটার এলাকায় নিয়মিত পর্যবেক্ষণ করা যেত। সুন্দরবনে থাকা ‘টাইগার রেসপন্স টিম’কেও এ কাজে ব্যবহার করা সম্ভব ছিল।
তার মতে, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী বাঘিনীটিকে অবমুক্ত করা উচিত ছিল।
তিনি বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন, পুনঃঅবমুক্তকরণ, গবেষণা এবং মানব-বন্যপ্রাণী সংঘাত ব্যবস্থাপনার জন্য একটি বিশেষায়িত ‘বন্য প্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিভাগ (ওয়াইল্ডলাইফ কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট)’ গঠনের প্রয়োজনীয়তার কথাও বলেন।
মানুষের পরিচর্যায় থাকা বাঘের ঝুঁকি কতটা ?
বাঘ বিশেষজ্ঞ খসরু চৌধুরী বলেন, ছয় মাস মানুষের নিবিড় পরিচর্যায় থাকার কারণে বাঘিনীটি মানুষের উপস্থিতি ও খাবারের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠতে পারে।
তিনি বলেন, ভবিষ্যতে যদি বাঘিনীটি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করে, তাহলে মানব-বাঘ সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। তার মতে, অবমুক্তির পুরো প্রক্রিয়ায় আরও সতর্কতা প্রয়োজন ছিল।
তিনি এটিকে ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া দ্রুত সিদ্ধান্ত নেওয়া হিসেবে উল্লেখ করেন।
বন বিভাগের দাবি: অনুসন্ধান চলছে
বন বিভাগ অবশ্য বলছে, বাঘিনীটির সন্ধানে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। সুন্দরবনের প্রধান বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ গণমাধ্যমকে বলেন, আগামী সপ্তাহে আরও ২০টি ক্যামেরা বসানো হবে। ড্রোন দিয়েও তদারকি চলছে।
তিনি বলেন, বাঘিনীটির কোনো সমস্যা হলে বা মারা গেলে নিয়মিত টহল দলের মাধ্যমে বিষয়টি শনাক্ত হওয়ার কথা।
তিনি আরও বলেন, বাঘের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করাই বন বিভাগের প্রধান লক্ষ্য। সুন্দরবনে তিন মাসের পরিবেশ নিষেধাজ্ঞা বাঘের নিরাপত্তায় সহায়ক হচ্ছে।
এ ছাড়া বনের ভেতরে বাঘের জন্য মিষ্টি পানির ব্যবস্থা করতে পুকুর খনন এবং ঝড়ের সময় আশ্রয়ের জন্য উঁচু ঢিবি তৈরি করা হচ্ছে।
সুন্দরবনের পার্শ্ববর্তী লোকালয়ে বাঘের প্রবেশ ঠেকাতে প্রায় ৭৪ কিলোমিটার নাইলনের বেড়াও দেওয়া হয়েছে।
তবে বন বিভাগের মতে, সুন্দরবনের বাঘের জন্য সবচেয়ে বড় হুমকি এখনো হরিণ শিকারি, বনদস্যু এবং আন্তর্জাতিক পাচারকারী চক্র।
বিশ্ব বাঘ দিবসে যে প্রশ্ন থেকেই যায়
সুন্দরবনের একটি আহত বাঘিনীকে চিকিৎসা দিয়ে আবার প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন।

কিন্তু সেই বাঘিনীকে অবমুক্ত করার পর তার জীবনযাত্রা, চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করার বৈজ্ঞানিক ব্যবস্থা কতটা কার্যকর ছিল, সেই প্রশ্ন এখন সামনে এসেছে।
বাঘ সংরক্ষণ শুধু বনে ছেড়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রয়োজন অবমুক্তির পর দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিশেষজ্ঞদের সমন্বিত পরিকল্পনা।
বিশ্ব বাঘ দিবসে তাই প্রশ্ন থেকেই যায়, সুন্দরবনে অবমুক্ত সেই বাঘিনী এখন কোথায় ?
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||