মো: আল মাসুম খান :

বিগত সরকার আমলে বাতিল হওয়া নিবন্ধন নতুন করে নয়, বরং আদালতের নির্দেশে পূর্বের নিবন্ধনই বহাল রাখা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। নির্বাচন কমিশন (ইসি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে এবং তা বিজি প্রেসে ছাপিয়ে সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৩ জুলাই, নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৪ জুন জামায়াতকে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ নিবন্ধন বহালের প্রজ্ঞাপন জারি করে ইসি। এরপর তা বিজি প্রেসে পাঠানো হলে ২৬ জুন আনুষ্ঠানিক ভাবে গেজেট প্রকাশিত হয়।
নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেটে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০(বি) ধারার আলোকে ২০০৮ সালের ৫ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছিল।
পরবর্তীতে, হাইকোর্টে একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর ইসি একটি প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন বাতিল করে। তবে, আপিল বিভাগ সেই রায়ের বিরুদ্ধে জামায়াতের পক্ষে রায় দেয় এবং পূর্বের নিবন্ধন কার্যকর থাকার নির্দেশ দেন।
গেজেটে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুসরণ করে ২০১৮ সালের ২৮ অক্টোবর নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করা হলো এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বের নিবন্ধন ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকসহ নিবন্ধন পুনরায় কার্যকর হলো।
এই গেজেট প্রকাশের মাধ্যমে দলটি এখন আবার বৈধ ভাবে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে, যা দেশে রাজনৈতিক সমতা ভিত্তিক নির্বাচনের প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||