এস এম তাজ আশরাফী :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের সমাধিস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও দলের নেতারা। মোনাজাতে প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়া হলে জিয়া উদ্যানের সমাধি প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাধিস্থলে প্রবেশ করেন।
এ সময় ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে জিয়া উদ্যানের সমাধি প্রাঙ্গণ।
এবার এমন এক সময়ে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, যখন দুই দশক পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে দলটি। একই সঙ্গে দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটির নেতৃত্বে বিভিন্ন সময়ে ছিলেন জিয়াউর রহমান, তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তাঁদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান।।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||