মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বাজার ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে পিরোজপুরের কাউখালী বাজারে যৌথভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে র্যাব-৮, বরিশাল।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, মজুতদারি ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সংস্থাটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রমের মাধ্যমে এসব অপরাধ নিয়ন্ত্রণে ইতোমধ্যে উল্লেখযোগ্য সফলতাও অর্জন করেছে তারা।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং কাউখালী, পিরোজপুরের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ২১ এপ্রিল ২০২৬ তারিখে কাউখালী থানাধীন কাউখালী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে বাড়তি দামে ডিজেল বিক্রি ও অবৈধ ভাবে মজুত করার অভিযোগে মোট ৮৯০ লিটার ডিজেল জব্দ করা হয়।
একই সঙ্গে তিনটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরে পেট্রোল অফিসারের মাধ্যমে জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা হয়। এ বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়াও গ্রহণ করা হয়েছে।
র্যাব-৮ গণমাধ্যমের সাংবাদিকদের জানায়, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত ভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। পাশাপাশি যে কোনো ধরনের অবৈধ মজুতদারি, বাজার অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সংস্থাটি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||