মো: আল মাচীফ ক্রাইম রিপোর্টার : মো. আল মাসুম খান :

বাংলাদেশে বর্তমানে প্রায় ১ কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’-তে আক্রান্ত। এর মধ্যে প্রায় ৮৫ লাখ হেপাটাইটিস ‘বি’ এবং প্রায় ১৫ লাখ হেপাটাইটিস ‘সি’ ভাইরাসে আক্রান্ত। প্রতি বছর হেপাটাইটিস এবং এর ফলে সৃষ্ট লিভার সিরোসিস ও লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে দেশে গড়ে ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগটি নিয়ন্ত্রণে নবজাতকের জন্মের ২৪ ঘণ্টার মধ্যে হেপাটাইটিস ‘বি’ টিকার ‘বার্থ ডোজ’ চালু করা এখন সময়ের দাবি।
বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে প্রায় ৫৭ লাখ পুরুষ এবং ২৮ লাখ নারী রয়েছেন। দেশে লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের ৬০ থেকে ৭০ শতাংশের জন্য হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাস দায়ী। হেপাটাইটিস জনিত মৃত্যুঝুঁকির দিক থেকে বিশ্বের শীর্ষ ১০টি দেশের একটি বাংলাদেশ।
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, প্রতি বছর বিশ্বে আনুমানিক ১৩ লাখ মানুষ হেপাটাইটিস জনিত কারণে মারা যান। এদের অধিকাংশই লিভার সিরোসিস ও লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। সংস্থাটি আরও জানিয়েছে, হেপাটাইটিস জনিত মোট মৃত্যুর প্রায় ৯৫ শতাংশই হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’-এর কারণে ঘটে। বাংলাদেশ হেপাটাইটিস ‘সি’-তে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষ ১০টি দেশের একটি। একই সঙ্গে হেপাটাইটিস ‘বি’ সম্পর্কিত মোট মৃত্যুর ৬৯ শতাংশ যে ১০টি দেশে ঘটেছে, সেই তালিকাতেও রয়েছে বাংলাদেশের নাম।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে বর্তমানে আনুমানিক ৪ কোটি ৩০ লাখ মানুষ ভাইরাল হেপাটাইটিস নিয়ে বসবাস করছেন। ২০২৪ সালে এ অঞ্চলে আনুমানিক ২ লাখ ৬৬ হাজার নতুন হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ সংক্রমণ শনাক্ত হয়েছে এবং প্রায় ২ লাখ মানুষ হেপাটাইটিস জনিত কারণে মারা গেছেন। বাংলাদেশে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে হেপাটাইটিস ‘সি’ সংক্রমণের হার প্রায় ০ দশমিক ৬ শতাংশ হলেও ঝুঁকিপূর্ণ ও সেবা বঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে এই হার তুলনামূলক বেশি।
ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের মতে, দেশে প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’-তে আক্রান্ত। তবে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ ভাইরাসের সংক্রমণ নিয়ে দেশে এখনো নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই।
ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী গনমাধ্যমকে বলেন, হেপাটাইটিস বা লিভারের প্রদাহ সাধারণত ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ এই পাঁচ ধরনের ভাইরাসের কারণে হয়ে থাকে। হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ খাদ্য ও পানি বাহিত এবং সাধারণত ৪ থেকে ৮ সপ্তাহের মধ্যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে সেরে যায়। এ দুই ভাইরাসের সংক্রমণে কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই, যদিও অধিকাংশ ক্ষেত্রে রোগ নিজে থেকেই ভালো হয়ে যায়। তবে কোনো কোনো ক্ষেত্রে তাৎক্ষণিক লিভার ফেইলিউর হতে পারে এবং তখন জীবন রক্ষায় মাল্টি অর্গান সাপোর্ট প্রয়োজন হয়।
তিনি আরও বলেন, শিশুদের ক্ষেত্রে হেপাটাইটিসের ঝুঁকি অনেক বেশি। আক্রান্ত মায়ের কাছ থেকে অথবা শৈশবে সংক্রমিত হলে ৮০ থেকে ৯০ শতাংশ শিশুর দীর্ঘমেয়াদি হেপাটাইটিস হওয়ার আশঙ্কা থাকে। এদের মধ্যে প্রায় ২০ থেকে ২৫ শতাংশ প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা যেতে পারে।
অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ প্রতিরোধের মূল উপায় নিরাপদ খাবার, বিশুদ্ধ পানি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। হেপাটাইটিস ‘এ’ নিরাপদ ও কার্যকর টিকার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব, যা প্রথম ডোজের পরই প্রায় ৯৫ শতাংশ সুরক্ষা দেয়। অন্যদিকে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ রক্ত, রক্তের উপাদান এবং বিভিন্ন শারীরিক তরলের মাধ্যমে সংক্রমিত হয়। নিয়মিত টিকা গ্রহণের মাধ্যমে হেপাটাইটিস ‘বি’ প্রতিরোধ করা সম্ভব হলেও হেপাটাইটিস ‘সি’-এর বিরুদ্ধে এখনো কোনো টিকা উদ্ভাবিত হয়নি। তাই ব্যক্তিগত সতর্কতাই এ রোগ প্রতিরোধের প্রধান উপায়।
জনস্বাস্থ্যবিদ তাজুল ইসলাম এ. বারী গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, হেপাটাইটিস প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রোগ শনাক্ত করা এবং টিকাদান নিশ্চিত করা। এজন্য সবচেয়ে জরুরি হলো শিশুদের জন্মের ২৪ ঘণ্টার মধ্যে হেপাটাইটিস ‘বি’-এর ‘বার্থ ডোজ’ টিকা দেওয়া। তিনি বলেন, বাংলাদেশে এখনো এই টিকা চালু হয়নি।
জন্মের ২৪ ঘণ্টার মধ্যে প্রথম ডোজ, এরপর এক মাস এবং ছয় মাস বয়সে পরবর্তী ডোজ দিতে হয়। বর্তমানে দেশে পেন্টাভ্যালেন্ট টিকা দেওয়া হয়। বার্থ ডোজ চালুর পর নিয়ম মাফিক পেন্টাভ্যালেন্ট টিকা দেওয়া হলে রোগটি অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
তার মতে, ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অন্তত ৯০ শতাংশ নবজাতককে ‘বার্থ ডোজ’ টিকার আওতায় আনতে হবে। তিনি বলেন, দুঃখজনক ভাবে বাংলাদেশে এখনো এই কর্মসূচি শুরু হয়নি।
সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কারণ এ কর্মসূচিতে সহায়তা দিতে গ্যাভি প্রস্তুত রয়েছে।
বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী, জন্মের ২৪ ঘণ্টার মধ্যে নবজাতককে হেপাটাইটিস ‘বি’-এর ‘বার্থ ডোজ’ টিকা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের লক্ষ্যমাত্রা অর্জনে অন্তত ৯০ শতাংশ শিশুকে বার্থ ডোজের আওতায় আনতে হবে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে সহজলভ্য ও স্বল্প খরচে হেপাটাইটিস শনাক্তকরণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি আহমেদ জামশিদ মোহাম্মদ গণমাধ্যমকে বলেছেন, অনেক মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ তাদের রোগ অনেক দেরিতে শনাক্ত হয় অথবা সময় মতো পরীক্ষা ও চিকিৎসার সুযোগ পান না।
এদিকে ১৯৭২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ৫৪ বছরে বাংলাদেশে হেপাটাইটিসে আক্রান্ত ও মৃত্যুর কোনো সুনির্দিষ্ট জাতীয় ঐতিহাসিক ডেটাবেজ বা একক পরিসংখ্যান নেই। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতীয় লিভার বিশেষজ্ঞদের বিভিন্ন সময়ের গবেষণা ও বার্ষিক প্রতিবেদনের ভিত্তিতে একটি সামগ্রিক চিত্র পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দেশে প্রায় ১ কোটি মানুষ দীর্ঘস্থায়ী হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ নিয়ে বেঁচে আছেন। তবে ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত মোট কত মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার সঠিক হিসাব নির্ধারণ করা সম্ভব নয়। কারণ রোগটি বহু বছর শরীরে ‘নীরব ঘাতক’ হিসেবে সুপ্ত থাকে এবং দেশের বিপুলসংখ্যক মানুষ কখনো পরীক্ষা না করায় তারা পরিসংখ্যানের বাইরে থেকে গেছেন।
চিকিৎসকদের ধারণা এবং প্রতিবছর গড়ে ২০ হাজারের বেশি মৃত্যুর হিসাব বিবেচনায় নিলে, গত সাড়ে পাঁচ দশকে বাংলাদেশে আনুমানিক ১০ লাখেরও বেশি মানুষ হেপাটাইটিসজনিত লিভার সিরোসিস, লিভার ক্যানসার ও অন্যান্য জটিলতায় প্রাণ হারিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বে হেপাটাইটিসের উচ্চ ঝুঁকিতে থাকা শীর্ষ ১০টি দেশের একটি, যা রোগটির ভয়াবহতা এবং দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তাকেই স্পষ্টভাবে তুলে ধরে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||