
সুন্দরবনের দুবলারচরের মেহেরআলী এলাকায় বঙ্গোপসাগরে মাছ ধরার জাল পাতাকে কেন্দ্র করে দুই গ্রুপ জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের তিন জেলে গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে নগদ টাকা, ইলিশ মাছ ও মাছ ধরার সরঞ্জাম লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে সুন্দরবনের মেহেরআলী সংলগ্ন বঙ্গোপসাগরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুবলারচরের মেহেরআলী থেকে মৎস্য ব্যবসায়ী মো. আলিম রোববার বিকেলে মোবাইল ফোনে জানান, সাগরে মাছ ধরার জন্য জাল পাতাকে কেন্দ্র করে দুই পক্ষের জেলেদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের জেলেরা ট্রলারযোগে এসে তাঁর কেরিং বোটে হামলা চালায়। এ সময় দুই জেলেকে মারধর করা হলে তারা গুরুতর আহত হন।
মৎস্য ব্যবসায়ী আলিমের অভিযোগ, হামলাকারীরা তাঁর কেরিং বোট থেকে নগদ পাঁচ লাখ টাকার বেশি, ইলিশ মাছ এবং মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়।
সংঘর্ষে আহত জেলেরা হলেন—আশিক (২৫), মো. রিয়াজ হাওলাদার (৩৫) এবং অপর পক্ষের জেলে মিজানুর রহমান (৩০)।
আহত জেলেদের সুন্দরবনের আলোরকোল কোস্টগার্ড কন্টিনজেন্টে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, ‘রোববার দুপুরে বঙ্গোপসাগরের মেহেরআলী এলাকায় মাছ ধরার জাল পাতাকে কেন্দ্র করে দুই গ্রুপ জেলের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি।’
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||