
জনকল্যাণ ও দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈবপ্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
রাষ্ট্রপতি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে আরও এগিয়ে আসতে হবে। বিশেষ করে এআই, ন্যানোপ্রযুক্তি, জৈবপ্রযুক্তি ও সেমিকন্ডাক্টরসহ ভবিষ্যৎ প্রযুক্তির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে গবেষণার পরিধি বাড়ানো প্রয়োজন।
এআই ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এটি যেন নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছভাবে ব্যবহৃত না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। তাঁর মতে, এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভা কমিয়ে দিতে পারে। তাই জনকল্যাণে পরিমিত ও দায়িত্বশীলভাবে এ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা জরুরি।
সাক্ষাৎকালে কুয়েট উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম, শিক্ষা, গবেষণা ও অন্যান্য অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নত শিক্ষা ব্যবস্থা যেন শুধু রাজধানীকেন্দ্রিক না থাকে, বরং দেশের বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমানভাবে সুযোগ দিয়ে শিক্ষা ও গবেষণার কার্যক্রম বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন।
একই সঙ্গে জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কার্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে কুয়েটের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিবগণ ও প্রেস সচিব এবং কুয়েটের অধ্যাপকরা উপস্থিত ছিলেন।
দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে রুয়েটের প্রতিনিধিদলের সঙ্গেও সাক্ষাতে রাষ্ট্রপতি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও উদ্ভাবনের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||