মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা জেলা সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। তিনি বলেন, প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষ্যে জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করতে হবে।
পাশাপাশি অপ্রয়োজনীয় নৈমিত্তিক ছুটি গ্রহণের প্রবণতা কমাতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, সংশ্লিষ্টদের নিজ নিজ উদ্যোগে সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে। অন্যথায়, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে।
খুলনা মহানগরীর সৌন্দর্যবর্ধনে সড়ক ও সরকারি ভবন গুলোতে রং করা এবং বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ছাড়া যানজট ও জনদুর্ভোগ এড়াতে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশনা দেন।
সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে গাড়ি রিকুইজিশন, বিশ্রামস্থল, হেলিপ্যাড, অ্যাম্বুলেন্স, জরুরি চিকিৎসা সেবা, বিদ্যুৎ ও জেনারেটরের ব্যবস্থা, অগ্নিনির্বাপণ এবং নিরাপত্তা পাসসহ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), খুলনার পরিচালক আহমেদ কবীর, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||