এ জেড আমিনুজ্জামান রিপন :

একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধাকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে বিভিন্ন জাতীয় ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মুক্তিযোদ্ধারা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আজ রবিবার (২১শে জুন) সকালে প্রেসক্লাব গোপালগঞ্জ এর সামনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এ মাণববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, বোরহান উদ্দিন শেখ, এনায়েত হোসেন, সবেদ আলী ভুইয়াসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে গোপালগঞ্জ সদর উপজেলার মোশারেফ হোসেন মোল্লা বীর মুক্তিযোদ্ধাকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর। এসব প্রতিবেদনের মাধ্যমে শুধু একজন বীর মুক্তিযোদ্ধাকেই নয়, বরং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের সম্মানকে ক্ষুণ্ন করা হয়েছে বলেও দাবি করেন তারা।
বক্তারা বলেন, সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নামে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট, লাল মুক্তিবার্তা, মুক্তিযোদ্ধা পরিচিতি নম্বর এবং বিভিন্ন সময়ে প্রদত্ত রাষ্ট্রীয় সনদপত্র বিদ্যমান রয়েছে। তার মুক্তিযোদ্ধা নম্বর ০১৩৫০০০৫০৯৪ এবং লাল মুক্তিবার্তা নম্বর ১০৯০১০২৭৮। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত তালিকায় তিনি গোপালগঞ্জ সদর উপজেলার তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, প্রকাশিত প্রতিবেদনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর একটি অসম্পূর্ণ তালিকার তথ্য ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। অথচ সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা জীবিত থাকা সত্ত্বেও তার বক্তব্য নেওয়া হয়নি কিংবা স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি।
বক্তারা দাবি করেন, ২০২১ সালে নতুন আবেদনকারীদের যাচাই-বাছাই সংক্রান্ত একটি তালিকাকে ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জ সদর উপজেলার সর্বশেষ সরকারি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ২ হাজার ১৬১ জন এবং সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নাম ওই তালিকায় ক্রমিক নম্বর ১৭১-এ রয়েছে।
মানববন্ধনে উপস্থিত মুক্তিযোদ্ধারা আরো বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে সংশ্লিষ্ট পরিবারের একাধিক সদস্য অংশগ্রহণ করেছেন। তাই একজন বীর মুক্তিযোদ্ধাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার এমন অপচেষ্টার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বরাবর চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে প্রকাশিত সংবাদের নিরপেক্ষ তদন্ত, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||