
সুন্দরবনে জেলেদের বহরে হামলা, নৌকা-মোবাইল ও খাদ্যসামগ্রী লুটের অভিযোগ; উপকূলে আতঙ্ক
পূর্ব সুন্দরবনের পৃথক এলাকায় মাছ ধরার সময় বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা জেলেদের ওপর হামলা চালিয়ে চার জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় একটি মাছ ধরার নৌকা, পাঁচটি মোবাইল ফোন ও জেলেদের খাদ্যসামগ্রী নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।
শুক্রবার দিবাগত রাতে সুন্দরবনের সাগরসংলগ্ন নারিকেলবাড়ীয়া, কালামিয়া ও আমবাড়ীয়া এলাকায় পৃথক এসব ঘটনা ঘটে বলে বনবিভাগ ও জেলে মহাজন সূত্রে জানা গেছে।
জেলে মহাজনদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাতে মজনু বাহিনীর সদস্যরা নারিকেলবাড়ীয়া ও কালামিয়া এলাকায় মাছ ধরারত জেলেদের বহরে হামলা চালায়। এ সময় তারা তিন জেলেকে ধরে নিয়ে যায়। অপহৃতদের মধ্যে রিপন (২৬) ও ফরিদ (৩০) নামের দুই জেলের পরিচয় জানা গেছে। অপর জেলের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বাড়ি কয়রা ও শরণখোলা এলাকায় বলে জানা গেছে।
অন্যদিকে, একই রাতে সুন্দরবনের আমবাড়ীয়া এলাকা থেকে একটি মাছ ধরার নৌকাসহ রিপন (২৮) নামের আরও এক জেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় নৌকায় থাকা পাঁচটি মোবাইল ফোন ও জেলেদের খাদ্যসামগ্রীও নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহৃত রিপনের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামে বলে জানিয়েছেন তার জেলে মহাজন ও মোংলার মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন লিটন গাজী।
ইসমাইল হোসেন লিটন গাজী মোবাইল ফোনে বলেন, ‘‘একই রাতে পৃথক ঘটনায় চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত অপহৃত জেলেদের উদ্ধার এবং দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’’
এদিকে, চার জেলে অপহরণের ঘটনায় সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। অনেক জেলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় মোবাইল ফোনে বলেন, নারিকেলবাড়ীয়া ও কালামিয়া এলাকায় তিন জেলে অপহরণের খবর তিনি পেয়েছেন।
তবে অপহৃত চার জেলের বর্তমান অবস্থান, তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান কিংবা মুক্তিপণ দাবি করা হয়েছে কি না—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর অভিযান দাবি করেছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||