নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা, বাগেরহাট :

বঙ্গোপসাগরসংলগ্ন পূর্ব সুন্দরবনের নারিকেলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলারসহ চার বস্তা হরিণ শিকারের ‘মালা ফাঁদ’ জব্দ করেছেন বনরক্ষীরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে নিয়মিত টহলের সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা ৬-৭ জনের একটি শিকারি দল ট্রলারটি সুন্দরবনের তীরে ভিড়িয়ে লাফিয়ে বনের ভেতরে পালিয়ে যায়। পরে সাগরের ঢেউয়ের তোড়ে ট্রলারটি আংশিক ডুবে গেলে বনরক্ষীরা সেটি উদ্ধার করে শেলারচরে নিয়ে যান।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শিকারিরা হরিণ শিকারের উদ্দেশ্যে ককশিটে ভর্তি বরফসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে সাগরপথে সুন্দরবনের নারিকেলবাড়ীয়া এলাকায় গিয়েছিল। উদ্ধার করা ট্রলারে তল্লাশি চালিয়ে চারটি বস্তায় বিপুল পরিমাণ মালা ফাঁদ পাওয়া যায়। ট্রলারটি ডুবে যাওয়ায় শিকারিদের বরফসহ অন্যান্য সরঞ্জামের কিছু অংশ সাগরে ভেসে যায় বলে জানিয়েছে বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, ভোরে অভিযান চালিয়ে হরিণ শিকারিদের অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে। অজ্ঞাতনামা শিকারি চক্রটি হরিণ ধরার উদ্দেশ্যে মালা ফাঁদ ও অন্যান্য সরঞ্জাম নিয়ে সুন্দরবনের নারিকেলবাড়ীয়া এলাকায় গিয়েছিল। বনরক্ষীরা সাগর থেকে অর্ধডুবন্ত ট্রলারটি উদ্ধার করেছেন। শিকারিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||