রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এনসিপির সংশ্লিষ্ট একটি অনুষ্ঠানে জীবিত সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহার করে তাকে ‘জুলাই শহীদ’ হিসেবে উপস্থাপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তথ্য যাচাইয়ের দায়িত্ব ও আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
আজ।সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানটি আয়োজন করে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ)। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
সাংবাদিক মিজানুর রহমান সোহেল জানান, অনুষ্ঠানের একটি প্রেজেন্টেশনে তাকে ২০২৪ সালের ৪ জুলাই হবিগঞ্জে শহীদ হয়েছেন বলে উল্লেখ করা হয়। তবে সেখানে ব্যবহৃত ছবিটি তার হলেও নাম দেওয়া হয় সাংবাদিক সোহেল আকাঞ্জির। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে সোহেল বলেন, তিনি মিজানুর রহমান সোহেল, পেশায় লেখক ও সাংবাদিক এবং তিনি এখনো জীবিত।
অনুষ্ঠানের পর পরিচিতজন, সহকর্মী ও সাংবাদিকদের অনেকে ফোন করে তার বেঁচে থাকার বিষয়টি জানতে চান। ফলে তাকে বারবার বলতে হচ্ছে, ‘আমি মরি নাই।’ সাংবাদিক সোহেলের ভাষ্য, একজন জীবিত মানুষকে মৃত বা শহীদ হিসেবে উপস্থাপন করা শুধু তথ্যগত ভুল নয়, এর সামাজিক ও পেশাগত প্রভাবও রয়েছে। ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার পরিবার, পরিচিতজন ও সহকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।
তিনি প্রশ্ন তোলেন, একজন সাংবাদিকের নাম ও ছবি প্রকাশ্য অনুষ্ঠানের উপস্থাপনায় ব্যবহারের আগে তথ্য যাচাই করা হয়নি কেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের মতো স্পর্শকাতর বিষয়ে তথ্য যাচাইয়ের দায়িত্ব আরও বেশি গুরুত্ব পাওয়ার কথা বলেও উল্লেখ করেন তিনি। সোহেল বলেন, তিনি জাতীয় নাগরিক পার্টির অভিযুক্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে সুস্পষ্ট জানতে চান কেন তাকে মৃত বানিয়ে ডিপ্লোম্যাট সাংবাদিকদের সামনে ফায়দা নেয়ার চেষ্টা কেন করা হয়েছে।
তবে এই ভুলের দায় কার, কারা তথ্য সংগ্রহ ও যাচাই করেছেন এবং কার অনুমোদনের পর উপস্থাপনাটি অনুষ্ঠানে দেখানো হয়েছে, সে বিষয়ে তিনি দায়িত্বশীল ব্যাখ্যা ও সংশোধন চান। ডিজেএর আমন্ত্রণপত্রে বলা হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সাংবাদিকদের স্মৃতিচারণ ও তাদের ভূমিকা তুলে ধরতেই এ আয়োজন।
অনুষ্ঠানে একজন জীবিত সাংবাদিকের ছবি ব্যবহার করে তাকে শহীদ হিসেবে উপস্থাপনের ঘটনায় তথ্য যাচাইয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সংবাদ মাধ্যমকে বলেন, অনুষ্ঠানের ডকুমেন্টারিতে শহীদ সাংবাদিকের নাম ঠিক ছিল। তবে অনাকাঙ্ক্ষিতভাবে ছবিটি ভুল হয়েছে। বিষয়টি সংশোধন করে এ বিষয়ে দুঃখপ্রকাশ করে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান তিনি। পরে এনসিপির মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘটনায় দুঃখপ্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি একান্তই ভুলবশত হয়েছে। দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার জগতে মিজানুর রহমান সোহেল সুপরিচিত নাম। এ ধরনের ভুলের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া, ব্র্যান্ডিং ও প্রচার বিষয়ক উপকমিটির পক্ষ থেকে মিজানুর রহমান সোহেলসহ সবার কাছে দুঃখপ্রকাশ করা হচ্ছে।
তবে জীবিত একজন সাংবাদিককে শহীদ হিসেবে উপস্থাপনের মতো স্পর্শকাতর ঘটনায় তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাজধানীর একটি পাঁচতারা হোটেলে দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে এমন ভুল কীভাবে হলো, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। ঘটনাটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, একটি পাঁচতারা হোটেলে দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিদের সামনে একজন জীবিত সাংবাদিককে ভুলভাবে মৃত বা ‘জুলাই শহীদ’ হিসেবে উপস্থাপন করে সহানুভূতি সৃষ্টি করা রাষ্ট্রীয় শিষ্টাচার ও দায়িত্বশীলতার পরিপন্থী। তারা ঘটনাটিকে গুরুতর তথ্যগত ভুলের পাশাপাশি প্রতারণার শামিল বলেও মনে করছেন। তাদের বক্তব্য, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মতো ঐতিহাসিক ও সংবেদনশীল বিষয় উপস্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও তথ্য যাচাই প্রয়োজন।
এ ধরনের ঘটনায় শুধু দুঃখপ্রকাশ যথেষ্ট নয়; কীভাবে ভুলটি হয়েছে, কারা তথ্য সংগ্রহ ও যাচাই করেছেন এবং কার অনুমোদনে উপস্থাপনাটি প্রদর্শন করা হয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন। তারা আরও দাবি করেছেন, ঘটনার নৈতিক ও রাজনৈতিক দায় বিবেচনা করে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে দায়িত্ব গ্রহণ করে দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, একজন জীবিত সাংবাদিককে ভুলভাবে মৃত বা ‘জুলাই শহীদ’ হিসেবে উপস্থাপন করা অত্যন্ত স্পর্শকাতর ও দুঃখজনক ঘটনা। তাদের মতে, এমন ভুল শুধু ওই সাংবাদিক ও তার পরিবারকে বিব্রত করে না, বরং জুলাই-আগস্টের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার তথ্য উপস্থাপনের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলে। সাধারণ মানুষের প্রত্যাশা, ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।