এ জেড আমিনুজ্জামান রিপন :
[caption id="attachment_9493" align="aligncenter" width="783"]
পল্লি বিদ্যুৎ- এর গাছ কাটার দৃশ্য[/caption]
বাংলাদেশজুড়ে পরিবেশ রক্ষায় সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করছেন। রাস্তার ধারে, শিক্ষাপ্রতিষ্ঠানে, বসতবাড়ির আঙিনায় এবং খাস জমিতে লাগানো হচ্ছে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ।
অপরে দিকে অভিযোগ রয়েছে, এসব গাছ বড়ো হওয়ার আগেই পল্লি বিদ্যুতের বিতরণ লাইনের নিরাপত্তার কথা বলে নিয়মিত কেটে ফেলা হচ্ছে। এতে একদিকে পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে ক্ষুব্ধ হচ্ছেন গাছের মালিক ও স্থানীয় বাসিন্দারা।
অনুসন্ধানে উঠে এসেছে, বিদ্যমান খোলা (Bare Conductor) বিদ্যুৎ লাইনের কারণে গাছের ডালপালা বিদ্যুৎ তারের সংস্পর্শে এলে শর্ট সার্কিট, বিদ্যুৎ বিভ্রাট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। ফলে পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষ নিয়মিত গাছের ডালপালা ছাঁটাই বা অনেক ক্ষেত্রে পুরো গাছ কেটে ফেলে। তবে স্থানীয়দের একটি বড়ো অংশ মনে করেন, আধুনিক কভার্ড কন্ডাক্টর (Covered Conductor) বা আইসোলেটেড তার ব্যবহার করা হলে গাছ কাটার প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।
বিভিন্ন এলাকায় দেখা গেছে, জালের মতো ছড়িয়ে থাকা পল্লিা বিদ্যুৎ লাইনের নিচে বা পাশে লাগানো মেহগনি, আম, কাঁঠাল, রেইনট্রি, আকাশমনি ও ইউক্যালিপটাসসহ নানা প্রজাতির গাছ কয়েক বছর পর বিদ্যুৎ লাইনের কাছাকাছি চলে আসে। এরপর পল্লি বিদ্যুতের কর্মীরা নিরাপত্তার অজুহাতে গাছের বড়ো অংশ কেটে ফেলেন।
অনেক ভুক্তভোগীর অভিযোগ, গাছ কাটার আগে পর্যাপ্ত নোটিশ দেওয়া হয় না। ফলে বহু বছরের পরিচর্যায় বড়ো হওয়া গাছ একদিনেই নষ্ট হয়ে যায়। এতে পরিবেশগত ক্ষতির পাশাপাশি আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়।
এ বিষয়ে দেখা যাচ্ছে, পল্লি বিদ্যুতের অধিকাংশ গ্রামীণ এলাকায় এখনও খোলা বিদ্যুৎ তার ব্যবহার করা হয়। এসব তারের সঙ্গে গাছের ডাল স্পর্শ করলে— শর্ট সার্কিট হতে পারে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে, অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়, মানুষ ও প্রাণীর প্রাণহানির আশঙ্কা থাকে। এই ঝুঁকি এড়াতে নিয়মিত গাছ ছাঁটাই করা হয়।
গাছ কাটার হার কমিয়ে পরিবেশ বাঁচাতে হলে, কভার্ড কন্ডাক্টর বা কভার তার ব্যবহার করতে হবে পল্লি বিদ্যুৎ কোম্পানির। এতে পরিবেশ বাঁচবে, সেই সাথে সাধারণ মানুষে আর্থিক আয় বাড়বে।
কভার্ড কন্ডাক্টর বা কভার তার হলো এমন ধরনের বিদ্যুৎ পরিবাহী তার, যার চারপাশে বিশেষ আবরণ বা ইনসুলেটিং কভার থাকে। এটি সাধারণ খোলা তারের মতো সম্পূর্ণ উন্মুক্ত নয়। ফলে গাছের ছোট ডালপালা বা পাখির সংস্পর্শে এলেও দুর্ঘটনার ঝুঁকি তুলনামূলক কম থাকে।
বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞদের মতে, শহরাঞ্চল ও উন্নত দেশগুলোতে গাছপালা বহুল এলাকায় কভার্ড কন্ডাক্টর ব্যবহারের ফলে বিদ্যুৎ বিভ্রাট এবং গাছ কাটার প্রয়োজনীয়তা অনেক কমেবে। কভার্ড তার ব্যবহারের সম্ভাব্য সুবিধা- বিদ্যুৎ লাইনের পাশে থাকা ছোট ও মাঝারি গাছের ডালপালা বারবার কাটার প্রয়োজন কমে যাবে। গাছ বড়ো হওয়ার সুযোগ পাবে, সবুজায়ন কার্যক্রম আরও কার্যকর হবে। ডালপালা স্পর্শজনিত ত্রুটি কমে গিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহজ হবে। ঝড়-বৃষ্টির সময় গাছের ডাল তারে লাগলেও তাৎক্ষণিক দুর্ঘটনার ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকবে। দীর্ঘমেয়াদে বারবার গাছ কাটার জন্য জনবল ও অর্থ ব্যয়ের প্রয়োজন কমবে।
[caption id="attachment_9494" align="alignnone" width="895"]
পল্লি বিদ্যুতের গাছ কাটার দৃশ্য[/caption]
বিশেষজ্ঞদের মতে, পরিবেশ সংরক্ষণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ধাপে ধাপে গাছপালা বহুল এলাকায় এই প্রযুক্তি চালু করা যেতে পারে। তাদের মতে- গাছপালা বহুল এলাকায় পর্যায়ক্রমে কভার্ড কন্ডাক্টর স্থাপন। গাছ কাটার পরিবর্তে বৈজ্ঞানিক ছাঁটাই পদ্ধতি অনুসরণ। পল্লি বিদ্যুৎ, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত নীতিমালা প্রণয়ন। ক্ষতিগ্রস্ত গাছ মালিকদের ক্ষতিপূরণ বা পুনঃ বৃক্ষরোপণ কর্মসূচি। নতুন বিদ্যুৎলাইন স্থাপনের সময় পরিবেশগত প্রভাব মূল্যায়ন বাধ্যতামূলক করা।
বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করা যেমন : জরুরি, তেমনি পরিবেশ রক্ষাও জাতীয় দায়িত্ব। বর্তমানে খোলা তারনির্ভর বিতরণ ব্যবস্থার কারণে হাজার হাজার গাছ নিয়মিত ছাঁটাই বা কাটা হচ্ছে। পরিকল্পিতভাবে কভার্ড কন্ডাক্টর ব্যবহার, বৈজ্ঞানিক গাছ ব্যবস্থাপনা এবং জনসম্পৃক্ত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই সংকট অনেকাংশে সমাধান করা সম্ভব। সবুজ বাংলাদেশ গড়তে বিদ্যুৎ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে একটি কার্যকর ভারসাম্য প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||