এ জেড আমিনুজ্জামান রিপন :

নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর সম্ভাবনার হাতছানিতে উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত ‘একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্লা।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ (বিপিএম-সেবা) সহকারী অধ্যাপক সাবরিনা বিনতে আহমেদ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির এবং মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিরা শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে কলেজের পানির ফিল্টার সংস্কার ও আধুনিকীকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবন শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞান অর্জন, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। নতুন শিক্ষার্থীরা অধ্যবসায়, শৃঙ্খলা ও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে গেলে ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সাফল্য অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নতুন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, উৎসাহ ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করে। নতুন শিক্ষার্থীদের স্বপ্ন, মেধা ও সম্ভাবনাকে বিকশিত করার প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||