মো. আল মাসুম খাান, চিফ ক্রাইম রিপোর্টার :

পৈতৃক বাড়ি ভেঙে বহুতল ভবন নির্মাণের জন্য একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উন্নয়ন চুক্তির সিদ্ধান্ত নিয়েছেন এক জমির মালিক। চুক্তি অনুযায়ী, তিনি কয়েকটি ফ্ল্যাট পাবেন—যা তার অবসর জীবনের আর্থিক নিরাপত্তা হিসেবে বিবেচিত হচ্ছিল।
কিন্তু আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন কর প্রস্তাব তাকে নতুন করে হিসাব-নিকাশে ফেলেছে। নির্মান কাজ শুরুর আগেই তাকে সাইনিং মানি কিংবা ভবিষ্যতে প্রাপ্ত ফ্ল্যাটের সম্ভাব্য মূল্য অনুযায়ী বড় অঙ্কের করের দায় নিয়ে ভাবতে হচ্ছে।
ফলে ডেভেলপারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করা নিয়েও তৈরি হয়েছে দ্বিধা।
এ ধরনের উদ্বেগ শুধু একজনের মধ্যে সীমাবদ্ধ নয়। ঢাকাসহ সারা দেশের আবাসন খাতেই একই ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। মূল উদ্বেগের কেন্দ্রে রয়েছে বাজেটে প্রস্তাবিত ‘মূলধনি মুনাফা কর’ বা ক্যাপিটাল গেইন ট্যাক্স।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্থাবর সম্পত্তি লেনদেনের কর কাঠামোয় বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ডেভেলপারকে জমি দেওয়ার বিনিময়ে জমির মালিক যে কোনো আর্থিক বা আর্থিক মূল্য সম্পন্ন সুবিধা পেলে—যেমন সাইনিং মানি, ফ্ল্যাট, নির্মাণকালীন ভাড়া সুবিধা—সেগুলোকে ‘মূলধনি মুনাফা’ হিসেবে গণ্য করা হবে।
এ ক্ষেত্রে জমির আদি অর্জনমূল্য বাদ দিয়ে অবশিষ্ট মুনাফার ওপর ১৫ শতাংশ হারে কর নির্ধারণের কথা বলা হয়েছে।
বাংলাদেশের আবাসন খাত মূলত যৌথ উন্নয়ন ব্যবস্থার ওপর দাঁড়িয়ে আছে। ঢাকার ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা, পুরান ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীর নগর সম্প্রসারণেও এই মডেল ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এতে জমির মালিক নির্মাণ ব্যয়ের ঝুঁকি নেন না, আবার ডেভেলপারও জমি কেনার বড় বিনিয়োগ থেকে মুক্ত থাকেন।
কিন্তু নতুন কর কাঠামো কার্যকর হলে এই দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ মডেলটি বড় চাপে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কর কীভাবে প্রযোজ্য হবে
প্রস্তাবিত বিধান অনুযায়ী, ডেভেলপারের সঙ্গে যৌথ চুক্তিতে জমির মালিক যে সুবিধাই পান, সেটিই করযোগ্য আয় হিসেবে গণ্য হবে। সাইনিং মানি, ফ্ল্যাট, ভাড়া সুবিধা বা অন্য কোনো আর্থিক সুবিধা সবই এর আওতায় পড়বে।
এরপর জমির আদি ক্রয়মূল্য বাদ দিয়ে যে নিট মুনাফা নির্ধারণ হবে, তার ওপর ১৫ শতাংশ কর দিতে হবে। কর পরিশোধ করতে হবে ফ্ল্যাট বা সম্পদ হস্তান্তরের সময়।বাস্তব উদাহরণে করের হিসাবে ধরা যাক, একজন জমির মালিক ৫০ লাখ টাকা সাইনিং মানি এবং দেড় কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট পেলেন। মোট সুবিধার মূল্য দাঁড়াল ২ কোটি টাকা। যদি তার জমির ক্রয়মূল্য ৮০ লাখ টাকা হয়, তাহলে মুনাফা হবে ১ কোটি ২০ লাখ টাকা। সেই মুনাফার ওপর ১৫ শতাংশ কর হিসেবে দিতে হবে ১৮ লাখ টাকা।
আরেকটি ক্ষেত্রে, ৩ বছর ধরে মাসে ৩৫ হাজার টাকা করে ভাড়া সুবিধা এবং পরে আড়াই কোটি টাকা মূল্যের ৫টি ফ্ল্যাট পেলে তাকে একাধিক ধাপে কর দিতে হবে—ভাড়া আয়ের ওপর নিয়মিত কর, ফ্ল্যাট বুঝে পাওয়ার সময় অতিরিক্ত কর এবং ভবিষ্যতে বিক্রির সময় আবার কর।
রিহ্যাব সভাপতি ও গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান ড. আলী আফজাল গণমাধ্যমকে বলেন, করের বিরোধিতা নয়, বরং এর সময় ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আপত্তি রয়েছে।
তার মতে, জমির মালিক ফ্ল্যাট বুঝে পাওয়ার সময় প্রকৃত কোনো নগদ আয় করেন না; তিনি শুধু একটি সম্পদের মালিক হন। ভবিষ্যতে সেটি বিক্রি হবে কি না, সেটিও অনিশ্চিত। এ অবস্থায় আগেই বড় অঙ্কের কর আরোপ অনেকের জন্য চাপ তৈরি করবে।
তিনি উদাহরণ দিয়ে বলেন, ১০ কাঠা জমিতে নির্মিত একটি প্রকল্পে জমির মালিক যদি ১২ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট পান এবং জমিটি আগে ৫০ লাখ টাকায় কেনা হয়ে থাকে, তাহলে প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকার ওপর ১৫ শতাংশ কর দিতে হবে—যা প্রায় ১ কোটি ৭৩ লাখ টাকা।
আবাসন উদ্যোক্তাদের দাবি, একই সম্পদের ওপর একাধিক ধাপে কর আরোপের ঝুঁকি তৈরি হচ্ছে। বর্তমানে সাইনিং মানির ওপর কর রয়েছে, আবার ফ্ল্যাট হস্তান্তরের সময় নতুন কর যুক্ত হলে তা দ্বৈত করের পরিস্থিতি তৈরি করবে।
রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, সবচেয়ে বড় প্রশ্ন হলো করের দায় কে বহন করবে—জমির মালিক নাকি ডেভেলপার।
রিহ্যাবের তথ্য অনুযায়ী, আবাসন খাতের সঙ্গে সরাসরি ও পরোক্ষ ভাবে প্রায় ২৬৯টি শিল্প ও সেবাখাত জড়িত। রড, সিমেন্ট, সিরামিক, কাচ, অ্যালুমিনিয়াম, লিফট, বৈদ্যুতিক সরঞ্জাম, পরিবহন ও আসবাবপত্র শিল্পের বড় অংশ এই খাতের ওপর নির্ভরশীল।নতুন প্রকল্প কমে গেলে এসব খাতেও উৎপাদন ও বিক্রি কমতে পারে, যা কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন পুনর্নির্মাণে যৌথ উন্নয়ন ব্যবস্থাই প্রধান ভরসা। কিন্তু নতুন কর কাঠামো কার্যকর হলে মালিকরা নিরুৎসাহিত হতে পারেন, ফলে নগর পুনর্গঠন কার্যক্রম ধীর হয়ে যেতে পারে।
অর্থনীতিবিদরা মনে করছেন, কর আদায় জরুরি হলেও সেটি এমন হওয়া উচিত নয় যাতে বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়।
তাদের মতে, সবচেয়ে যৌক্তিক পদ্ধতি হলো ফ্ল্যাট হস্তান্তরের সময় কর না নিয়ে, ভবিষ্যতে যখন ওই ফ্ল্যাট বিক্রি করে নগদ লাভ হবে, তখনই ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা।১ জুলাই ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মধ্যবিত্ত জমির মালিক ও আবাসন ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে।
সংশ্লিষ্টদের আশঙ্কা, ভুল বা অতিরিক্ত কঠোর করনীতি বাস্তবায়ন হলে পুরো আবাসন খাতে দীর্ঘমেয়াদি মন্দা তৈরি হতে পারে। এর প্রভাব পড়বে শুধু ব্যবসায় নয়, সাধারণ মানুষের আবাসন স্বপ্নেও।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||