ক্রাইম নিউজ ডেস্ক :

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি গুলোতে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এফ-১৫, এফ-১৬ এবং অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধ বিমান মোতায়েনকৃত ঘাঁটিগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
তাদের দাবি, হামলায় বহু যুদ্ধ বিমান সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।
আইআরজিসির মুখপাত্র গণমাধ্যমকে জানান, জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে অবস্থানরত এফ-৩৫ যুদ্ধ বিমানের হ্যাঙ্গার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারসহ ২১টি মার্কিন-সংশ্লিষ্ট লক্ষ্য বস্তুতে দূরপাল্লার সলিড-ফুয়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই সামরিক অভিযানকে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ জবাব হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি।
একই সঙ্গে কুয়েত, বাহরাইনসহ বিভিন্ন দেশে মোতায়েন মার্কিন ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
ইরানি সূত্রগুলোর দাবি, হামলার ফলে মার্কিন বিমান বাহিনীর বড়ো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব দাবির স্বাধীন যাচাই সম্ভব হয়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে এবং বড়ো ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এবং আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা আরও আগ্রাসী পদক্ষেপ নিলে তার জবাবে আরও তীব্র প্রতিক্রিয়া জানানো হবে।
ঘটনাটিকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব পড়তে শুরু করেছে এবং তেলের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও নতুন করে হুমকির মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যজুড়ে বৃহত্তর সংঘাত বা যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||