মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
খুলনার বেসরকারি দৌলতপুর (দিবা-নৈশ) কলেজে পরিচালনা পরিষদ গঠন নিয়ে বিরোধে দুই দফা কলেজটিতে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। গত বুধ ও বৃহস্পতিবার স্থানীয় ক্ষমতাসীনদের দুটি গ্রুপ এ ঘটনা ঘটান।
এ সময় কলেজটিতে আগামী মাসে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থীদের বিভিন্ন কাগজপত্র প্রদান এবং ডিগ্রির ফরমপূরণ চলছিল। পাল্টাপাল্টি মহড়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতি করা হয় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ হোসেন রনিকে। তিনি খুলনা মহানগর বিএনপির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নতুন বিধিমালায় সভাপতি হতে হলে ন্যূনতম স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়। এতে মাসুদ হোসেন রনি বাদ পড়েন।
পরে নতুন সভাপতি হিসেবে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি অধ্যাপক মো. জয়নাল আবেদীনকে দায়িত্ব দেওয়া হয়। এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন মাসুদ হোসেন রনি। আদালত নতুন সভাপতির নিয়োগ আদেশে স্থগিতাদেশ দিলে আপিল বিভাগে এর বিরুদ্ধে আপিল করেন অধ্যাপক মো. জয়নাল আবেদীন। আপিল বিভাগ নিম্ন আদালতের আদেশে স্থগিতাদেশ দেন। এরপর থেকে অধ্যাপক জয়নাল আবেদীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ১৬ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডভোকেট শেখ মাসুদ হোসেন রনিকে কলেজটির পরিচালনা পর্ষদের নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তিনি কলেজের সভাপতি হিসেবে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ও করেন। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই চিঠির বিরুদ্ধে জয়নাল আবেদীন হাইকোর্টে রিট করেন।
হাইকোর্ট মাসুদ হোসেন রনিকে দেওয়া মনোনয়ন চিঠির কার্যকারিতার ওপর স্থগিতাদেশ দেন। ফলে আইনি প্রক্রিয়ায় অধ্যাপক মো. জয়নাল আবেদীনই সভাপতি পদে বহাল থাকেন।
কলেজ সংশ্লিষ্টরা জানান, এই কমিটি গঠনকে কেন্দ্র করেই গত দুই দিন ধরে অধ্যক্ষের কার্যালয় ও ক্যাম্পাসে তালা দেওয়ার ঘটনা ঘটে। প্রথমে অ্যাডভোকেট শেখ মাসুদ হোসেনের পক্ষ থেকে তালা দেওয়া হয়। পরে অধ্যাপক মো. জয়নাল আবেদীন তার অনুসারীদের নিয়ে তালা খুলে কলেজের স্বাভাবিক কার্যক্রম চালু করেন এবং বিএনপির সিনিয়র নেতারা খুলনায় ফিরলে আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দেন।
তবে এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে আবারও শেখ মাসুদ হোসেনের অনুসারীরা কলেজে তালা দেন। এ সময় সশস্ত্র মহড়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ ওঠে। এতে কলেজের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মু মোরাদুল ইসলাম বলেন, কে বা কারা কলেজে তালা দিয়েছে, এমন অভিযোগ পেয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছে। পরে অপর একটি পক্ষও থানায় আসে, তবে কোনো সংঘাতের অভিযোগ পাওয়া যায়নি।
বিষয়টি জানতে কলেজের অধ্যক্ষ এ এস এম আনিসুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভায় থাকায় ফোন ধরেননি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||