মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :
.
দৈনিক আমার দেশ সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মাহমুদুর রহমান খুলনায় এক সাংবাদিক কর্মশালায় বলেছেন, গত ১৫ বছরে আমাদের প্রতি যে জুলুম করেছে ফ্যাসিস্ট হাসিনা এবং ভারতের সাম্রাজ্যবাদ, এর থেকে মুক্তি আমরা পেয়েছি। জুলুম থেকে মুক্তি পেয়েছি জুলাই বিপ্লবের শহীদদের মাধ্যমে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মাত্র ৯ মাসের মধ্যে যেন আমরা সেই শহীদদের ভুলতে বসেছি। জুলাই বিপ্লবের ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে। সেই সুযোগে আবারও ফ্যাসিবাদ চাড়া দিয়ে উঠতে চাচ্ছে। ভারতীয় সাম্রাজ্যবাদ আবার বাংলাদেশের ওপর থাবা বসাতে চাচ্ছে। এটা হচ্ছে আমাদের দুর্বলতার কারণে। সেখানে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে। এগুলোর কারণে আজকের বাংলাদেশে স্বাধীনতা আবার হুমকির মুখে পড়েছে। গতকাল শুক্রবার ২৩ মে খুলনায় দৈনিক আমার দেশ এর খুলনা ও বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিকেল ৩টায় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে প্রতিনিধি সম্মেলন আনুষ্ঠিত হয়। আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, পরিস্থিতি একটু অস্থিতিশীল হয়েছে। এতে আমাদের চ্যালেঞ্জ বাড়বে। তাদের কারণে দেশ অস্থিতিশীল হচ্ছে তাদের একটা পক্ষ হচ্ছে রাজনীতিবীদ। এজন্য আমাদের নিরপেক্ষতার সাথে সংবাদ পরিবেশন করতে হবে। তিনি বলেন, আমি বাংলাদেশের পক্ষে রাজনীতি করি। মানুষের পক্ষে রাজনীতি করি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করি। প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, দৈনিক আমার দেশ’র পরিচালক শাকিল ওয়াহেদ সুমন, নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার মফস্বল সম্পাদক আবু দরদ যোবায়ের। মাহমুদুর রহমান পত্রিকার বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরে তিনি আরও বলেন, দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর পুনরায় আমার দেশ পত্রিকা চালু করা এবং পাঠকের হাতে তুলে দেওয়া ছিল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি। আমাদের নিজস্ব প্রেস থেকে ছাপা শুরু হয়েছে। তিনি বলেন, আপনার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। কিন্তু সংবাদ পরিবেশন করতে হবে সঠিক ভাবে। পাঠক রাজনৈতিক প্রতিবেদন পড়তে পছন্দ করে। আমরা জানি না দেশের রাজনৈতিক পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যাবে। মাহমুদুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, আমার দেশ পরিবার জেল খেটেছে, লড়াই করেছে, অত্যাচার সহ্য করেছে, সহ্য করে এ পত্রিকাকে ব্রান্ড তৈরি করেছে। কোনো ব্যক্তি বা দল ব্যান্ড তৈরি করে দেয়নি। বরং রাজনৈতিক দলগুলো আপনাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশ ও যশোর অফিসের স্টাফ রিপোর্টার আহসান কবীর প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||