মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

গত দুই বছরে দেশের বিভিন্ন কারাগারে ২২৭ জন বন্দির মৃত্যুর তথ্য সামনে এসেছে। কারা কর্তৃপক্ষ বলছে, মৃত বন্দিদের অধিকাংশই হৃদরোগ বা কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন। পাশাপাশি মাদকাসক্ত বন্দিদের প্রত্যাহারজনিত জটিলতা, মানসিক চাপ এবং চিকিৎসক সংকটকেও মৃত্যুর পেছনের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন গণমাধ্যমকে জানান, অধিকাংশ মৃত্যুই কার্ডিয়াক অ্যারেস্ট থেকে হয়েছে। তিনি বলেন, মাদকসেবী বন্দিরা কারাগারে আসার পর মাদক না পাওয়ার কারণে নানা শারীরিক ও মানসিক সমস্যায় পড়েন।
তিনি আরও বলেন, অনেক বন্দি কারাগারের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পেরে হতাশা ও মানসিক চাপে ভোগেন। এসব কারণেও তারা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এছাড়া চিকিৎসক সংকটও কারা ব্যবস্থাপনার বড় সমস্যা।
মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, গত দুই বছরে মারা যাওয়া ২২৭ বন্দির মধ্যে ৪০ জন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মী।
অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্র (আসক) দলীয় পরিচয় উল্লেখ না করে জানিয়েছে, একই সময়ে কারাবন্দি প্রায় ১৯০ জনের মৃত্যু হয়েছে। তবে কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ৩৪২ জন বন্দির মৃত্যু হয়েছে।
এমএসএফের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত কারা হেফাজতে ২২৭ জন এবং পুলিশ হেফাজতে ৩০ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে আসকের হিসাবে, ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত গ্রেপ্তারের পর নির্যাতনে ২২ জনের মৃত্যু হয়েছে।
এমএসএফ জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ওই বছর কারা হেফাজতে ৩ জন, ২০২৫ সালে ২২ জন এবং ২০২৬ সালের জুলাইয়ের শুরু পর্যন্ত আওয়ামী লীগের ১৫ নেতা-কর্মীর মৃত্যু হয়েছে। একই সময়ে পুলিশ হেফাজতে মারা গেছেন দলটির ৩ জন।
আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ২৪ জন বন্দির মৃত্যু হয়েছে। এরপর ২০২৫ সালে ১০৭ জন এবং ২০২৬ সালের জুন পর্যন্ত ৬১ জন মারা গেছেন। তবে এসব মৃত্যুর ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় উল্লেখ করেনি সংগঠনটি।
পুলিশ হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনা তদন্ত করা হয় উল্লেখ করে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, এ বিষয়ে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত করা হয় এবং কারও গাফিলতি প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
আসকের তথ্য অনুযায়ী, সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত গ্রেপ্তারের পর নির্যাতনে ৭ জন এবং কারাগারে ২৪ জন মারা যান। ২০২৫ সালে গ্রেপ্তারের পর নির্যাতনে ১১ জন এবং ২০২৬ সালের জুন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে কারাবন্দি মারা গেছেন যথাক্রমে ১০৭ ও ৫৯ জন।
এমএসএফের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ৬ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে ৩০ জন এবং কারা হেফাজতে ২২৭ জনের মৃত্যু হয়েছে।
কারা কর্তৃপক্ষের তথ্যের বরাত দিয়ে জানা গেছে, ২০২৪ সালে ১৮৯ জন, ২০২৫ সালে ১৩৬ জন এবং ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৭ জন বন্দির মৃত্যু হয়েছে। ২০২৪ সালের আগের বছর এ সংখ্যা ছিল ২৩২ জন।
এমএসএফের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান বলেন, সংগঠনটি নিজস্ব উদ্যোগে এবং সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই করে প্রতিবেদন তৈরি করে। দেশের প্রায় প্রতিটি জেলায় তাদের প্রতিনিধি রয়েছে। তাদের দেওয়া তথ্য এবং জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত তথ্য যাচাইয়ের পর প্রতিবেদন তৈরি করা হয়।
তিনি বলেন, অনেক হেফাজতে মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে না বা জানা যায় না। ফলে প্রকাশিত সংখ্যার চেয়ে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
বগুড়া কারাগারে থাকা নিষিদ্ধ ঘোষিত পাঁচ আওয়ামী লীগ নেতার মৃত্যু একসময় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। কারা কর্তৃপক্ষ সে সময় জানিয়েছিল, তাদের অধিকাংশই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
গত সপ্তাহে কারাগারে থাকা রাজধানীর মোহাম্মদপুরের যুবলীগ নেতা মনিরের মৃত্যুর ঘটনায় দলীয় নেতা-কর্মীরা মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন।
তাদের দাবি, মনিরের বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়। এক মামলায় জামিন পেলেও অন্য মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হয়। প্রায় ১৭ মাস কারাগারে থাকার কারণে তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন।
মানবাধিকার কর্মী নূর খান লিটন গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে হেফাজতে মৃত্যুর বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে। তিনি আশা করেছিলেন ৫ আগস্টের পর এ ধরনের ঘটনা কমে আসবে। কিন্তু এখনো তা কমেনি এবং কমানোর জন্য দৃশ্যমান কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||