এস এম তাজ আশরাফী, ঢাকা :

মোংলা বন্দর উন্নয়ন: দুটি কনটেইনার জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর।জাতীয় ক্রীড়া কর্মসূচি: খুলনা জেলা স্টেডিয়াম থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন।ধর্মীয় কর্মসূচি: বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করতেই তাঁর এই সফর। সফরকালে তিনি বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার শরিফও জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বাগেরহাটের মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল ১০টার দিকে মোংলা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
সেখানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মোংলা বন্দর সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে বন্দরের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বড় জাহাজ ভেড়ানোর সক্ষমতা বাড়ানো এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে বন্দর উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মোংলার কর্মসূচি শেষে বেলা ১১টা ১৫ মিনিটের দিকে সড়কপথে বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার শরিফের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সেখানে পৌঁছে মাজার জিয়ারত করবেন। পরে দুপুর ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনা শহরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে পৌঁছে কিছু সময় বিরতি নেওয়ার কথা রয়েছে।
বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তৃণমূল পর্যায় থেকে ভবিষ্যৎ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আসরে প্রায় ১৬ লাখ ২৩ হাজার তরুণ-তরুণী নিবন্ধন করেছেন। দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হয়েছে। এসব দলের মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন। খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হবে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে খুলনা মহানগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা ও দেয়ালে ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি এবং পর্যটন সম্ভাবনাকে তুলে ধরে গ্রাফিতি ও চিত্রকর্ম আঁকা হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক সংস্কার, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
প্রধানমন্ত্রীর নিরাপত্তায় পুলিশ, বিশেষ নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। খুলনা জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো সফরের সব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ২২ অক্টোবরও তিনি মোংলা বন্দর ও সুন্দরবন এলাকা পরিদর্শন করেছিলেন। দুই সপ্তাহের ব্যবধানে আবারও দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরে যাচ্ছেন তিনি। তবে এবারের সফরে মোংলা বন্দরের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি খুলনায় জাতীয় পর্যায়ের ক্রীড়া আয়োজন উদ্বোধন বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টারযোগে খুলনা ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||