মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

সরকারি সেবা নিতে গিয়ে কোথায়, কত টাকা ঘুষ চাওয়া হচ্ছে, সেই অভিজ্ঞতা জানাতে চালু হওয়া ‘ঘুষ.সাইট’ (ghush.site)-এ প্রথম দুই দিনেই ৮০৪টি অভিযোগ জমা পড়েছে।
এসব অভিযোগে ঘুষ হিসেবে চাওয়া অর্থের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি ৬৫ লাখ টাকা।
গত ২১ আগস্ট চালু হওয়া ওয়েবসাইটটিতে ভুক্তভোগীরা নাম-পরিচয় গোপন রেখে ঘুষ চাওয়ার অভিজ্ঞতা জানাতে পারছেন। উদ্যোক্তাদের লক্ষ্য হলো বিভিন্ন মানুষের বিচ্ছিন্ন অভিজ্ঞতা এক জায়গায় এনে কোন সরকারি দপ্তর বা সেবা নিয়ে কত টাকা ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে, তার একটি সামগ্রিক চিত্র তুলে ধরা।
ওয়েবসাইটটির দুই উদ্যোক্তা সাইফ কবির ও শাহেদ শরিফ। বিদেশি একটি ওয়েবসাইটের ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে দুই বন্ধু বাংলাদেশের জন্য ‘ঘুষ.সাইট’ তৈরি করেন।
অভিযোগ জানাতে ব্যবহারকারীকে দপ্তরের নাম, সেবার ধরন, এলাকা, ঘুষ হিসেবে দাবি করা অর্থের পরিমাণ এবং শেষ পর্যন্ত কী ঘটেছে, এসব তথ্য দিতে হয়। পাশাপাশি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার সুযোগ রয়েছে। অভিযোগ করতে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় না এবং পুরো প্রক্রিয়াটি দুই মিনিটেরও কম সময়ে সম্পন্ন করা যায়। তবে কোনো ব্যক্তির নাম, পদবি বা ফোন নম্বর উল্লেখ করার সুযোগ নেই।
উদ্যোক্তারা জানিয়েছেন, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা নয়, বরং কোন সরকারি দপ্তর বা সেবাকে ঘিরে ঘুষ চাওয়ার অভিযোগ বেশি আসছে, সেটিই তুলে ধরা এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
অভিযোগ জমা দেওয়ার পর তা সরাসরি ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। প্রথমে মডারেশনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সরিয়ে ফেলা হয়। আক্রমণাত্মক, অস্পষ্ট কিংবা নীতিমালা লঙ্ঘনকারী অভিযোগ বাদ দেওয়ার পর অনুমোদিত অভিযোগ প্রকাশ করা হয়। সেখানে বিভাগ, দপ্তর, সেবার ধরন, চাওয়া অর্থের পরিমাণ এবং ঘটনার ফলাফল অনুযায়ী তথ্য দেখা যায়।
প্রথম দুই দিনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৪৩০টি অভিযোগ এসেছে ঢাকা বিভাগ থেকে। এরপর চট্টগ্রামে ১৬৭, রাজশাহীতে ৪৪, খুলনায় ৪৩, সিলেটে ৩৮, রংপুরে ৩৭, ময়মনসিংহে ৩০ এবং বরিশালে ১৫টি অভিযোগ জমা পড়েছে।
অভিযোগকারীদের ১৮ শতাংশ জানিয়েছেন, তাঁরা ঘুষ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
তবে ওয়েবসাইটটির একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হলো, জমা পড়া প্রতিটি অভিযোগ আলাদা ভাবে যাচাই করা হয় না। প্রকাশিত প্রতিটি প্রতিবেদনের সঙ্গে ‘আনভেরিফায়েড’ উল্লেখ থাকে। উদ্যোক্তাদের ভাষ্য, ‘ঘুষ.সাইট’ কোনো অভিযোগকে সত্য ঘটনা কিংবা কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রমাণ হিসেবে উপস্থাপন করছে না। এটি কোনো তদন্ত সংস্থা নয় এবং দুর্নীতি দমন কমিশনের বিকল্প হওয়ার দাবিও করছে না। বরং মানুষের অভিজ্ঞতা এক জায়গায় এনে ঘুষের অভিযোগের একটি তথ্যভিত্তিক চিত্র তৈরি করাই এর উদ্দেশ্য।
উদ্যোক্তারা জানিয়েছেন, সাইটটি বর্তমানে নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। কোনো এনজিও বা প্রতিষ্ঠানের সঙ্গে এর আনুষ্ঠানিক সম্পৃক্ততা নেই এবং বাইরের কোনো অর্থায়নও নেওয়া হয়নি। তবে সাইটে স্বেচ্ছা অনুদানের সুযোগ রাখা হয়েছে।
উদ্যোক্তাদের মতে, এই উদ্যোগের সাফল্য শুধু ওয়েবসাইটে কত মানুষ প্রবেশ করলেন, তার ওপর নির্ভর করে না। বরং সরকারি সেবা নিতে যাওয়ার আগে নাগরিকরা যদি অন্যদের অভিজ্ঞতা দেখে কোথায় কী ধরনের ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে তা জানতে পারেন এবং অন্যায্য দাবি প্রত্যাখ্যান করার বিষয়ে সচেতন হন, সেটিই এই উদ্যোগের বড় সাফল্য।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||