এ জেড আমিনুজ্জামান রিপন :
[caption id="attachment_8848" align="aligncenter" width="1238"]
“ত্যাগীরা না পকেট কমিটি”—গুঞ্জনে উত্তপ্ত গোপালগঞ্জ জেলা ছাত্রদল।[/caption]
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের রাজনীতিতে বর্তমানে “ত্যাগীরা না পকেট কমিটি” প্রশ্নটি নেতাকর্মীদের মুখে মুখে ঘুরছে। নানা গুঞ্জন, আলোচনা ও অভ্যন্তরীণ সংশয়ের মধ্য দিয়ে সময় পার করছেন সংগঠনটির ত্যাগী ও দীর্ঘদিনের মাঠকর্মীরা।
গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জ জেলা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এরপর থেকেই নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনটির ভেতরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা ও নানা ধরনের হিসাব-নিকাশ।
দীর্ঘদিন ধরেই সদ্য বিলুপ্ত জেলা ছাত্রদলের কমিটির কয়েকজন নেতাকে ঘিরে নানা গুঞ্জন ছিল। অভিযোগ রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ অতীতে রাজনৈতিকভাবে সক্রিয় না থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে প্রভাবশালী হয়ে ওঠেন। কমিটি বিলুপ্ত হওয়ার পর পুরোনো বিতর্কের অবসান না ঘটলেও নতুন কমিটি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে সংশয় তৈরি হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জের সংসদীয় আসন-১, ২ ও ৩-এ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করে রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করে। আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম দৃশ্যমানভাবে বৃদ্ধি পায়।
তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গোপালগঞ্জের রাজনীতিতে বরাবরই “হাইব্রিড” বা সুবিধাবাদী নেতাদের উপস্থিতি ছিল। এসব ব্যক্তি ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে নিজেদের অবস্থান পরিবর্তন করে নতুন বলয়ের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে থাকে।
এমন অভিযোগও উঠেছে যে, জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির কয়েকজন নেতার পারিবারিক রাজনৈতিক পটভূমি বিশ্লেষণ করলে দেখা যায়, পরিবারের অন্য সদস্যরা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। বর্তমানে তারাই আবার বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছেন বলে অভিযোগ ত্যাগী নেতাকর্মীদের একটি অংশের।
ছাত্রদলের তৃণমূলের দাবি, যেসব নেতাকর্মী বিগত সরকারের সময় মামলা, হামলা, নির্যাতন, লুটপাট ও রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন। অন্যথায় দীর্ঘদিনের ত্যাগী কর্মীরা দল থেকে দূরে সরে যেতে পারেন, যা ভবিষ্যতে সংগঠনের জন্য ক্ষতির কারণ হতে পারে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||