ক্রাইম নিউজ প্রতিবেদক :

গোপালগঞ্জে চলমান তীব্র লোডশেডিং জনজীবনকে কার্যত স্থবির করে তুলেছে। দিনে-রাতে বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, রোগী এবং বিশেষ করে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীরা।
বিদ্যুৎ সরবরাহের অনিয়ম, দীর্ঘ সময়ের লোডশেডিং এবং কোনো পূর্বঘোষিত সময়সূচি না থাকায় জনমনে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
অনুসন্ধানে উঠে এসেছে, বিদ্যুৎ সংকটের প্রভাব শুধু দৈনন্দিন জীবনেই নয়, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর থেকেই শহরের বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে। অনেক সময় টানা দুই থেকে চার ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। যখন শহরের দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন কোচিং সেন্টার এবং আবাসিক এলাকাগুলোতে স্বাভাবিক কার্যক্রম থাকার কথা, তখনই নেমে আসে অন্ধকার।
শহরের কয়েকটি এলাকায় অনুসন্ধানে দেখা গেছে, লোডশেডিংয়ের কারণে রাস্তার আলোগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। এতে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীরা, চলতি বছরের এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীরা যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, তখন বিদ্যুৎ সংকট তাদের জন্য বড়ো বাধা হয়ে দাঁড়িয়েছে।
একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, দিনে কয়েক ঘণ্টা এবং রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হচ্ছে না। অনেক পরিবারে বিকল্প হিসেবে আইপিএস বা জেনারেটরের ব্যবস্থা নেই। ফলে মোমবাতি বা চার্জার লাইটের আলোতে পড়াশোনা করতে হচ্ছে।
একজন পরীক্ষার্থী বলেন, “প্রতিদিন কখন বিদ্যুৎ যাবে বা আসবে, তার কোনো নিশ্চয়তা নেই। গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ার সময় বিদ্যুৎ চলে গেলে মনোযোগ নষ্ট হয়ে যায়। পরীক্ষার আগে এমন পরিস্থিতি আমাদের জন্য খুবই উদ্বেগজনক।”
তীব্র গরমের মধ্যে গভীর রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের ঘুমের ব্যাঘাত ঘটছে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।
স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, রাতে ঘুম না হওয়ায় তাদের সন্তানরা সকালে ক্লান্ত অনুভব করছে। এতে পড়াশোনার প্রতি মনোযোগ কমে যাচ্ছে এবং মানসিক চাপ বাড়ছে।
অনুসন্ধানে জানা গেছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে অসুস্থ ও বয়স্ক মানুষদের দুর্ভোগও বেড়েছে। অনেক রোগী নিয়মিত নেবুলাইজার, অক্সিজেন কনসেনট্রেটর বা অন্যান্য বৈদ্যুতিক চিকিৎসা সরঞ্জামের ওপর নির্ভরশীল। দীর্ঘ লোডশেডিংয়ের কারণে তাদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গরমে অতিষ্ঠ হয়ে অনেকের শারীরিক অবস্থারও অবনতি ঘটছে বলে জানিয়েছেন স্বজনরা।
শহরের ব্যবসায়ীরাও বিদ্যুৎ সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফ্রিজনির্ভর ব্যাবসা, ফটোকপি, কমপিউটার সেবা, মোবাইল সার্ভিসিং এবং ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোতে উৎপাদন ও সেবা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
একজন ব্যবসায়ী বলেন,“বিদ্যুৎ কখন থাকবে আর কখন যাবে, তা বোঝার উপায় নেই। অনেক সময় গ্রাহক ফিরে যাচ্ছেন। ব্যাবসায়িক ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে।”প্রশ্নের মুখে বিদ্যুৎ ব্যবস্থাপনা।
ভুক্তভোগীদের অভিযোগ, লোডশেডিংয়ের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো : এর অনিয়ন্ত্রিত ও অনির্ধারিত প্রকৃতি। বিদ্যুৎ বিভ্রাটের কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। ফলে মানুষ আগাম প্রস্তুতি নেওয়ারও সুযোগ পাচ্ছেন না।
স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, যদি উৎপাদন ঘাটতি বা জাতীয় গ্রিডের কোনো সমস্যা থেকেই থাকে, তবে অন্তত একটি নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা প্রয়োজন। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিজেদের কার্যক্রম পরিকল্পনা করতে পারবেন।
সচেতন মহল, অভিভাবক এবং শিক্ষার্থীরা দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং লোডশেডিং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। বিশেষ করে এইচএসসি পরীক্ষার সময়কে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীবান্ধব বিদ্যুৎ ব্যবস্থাপনার আহ্বান জানানো হয়েছে; তাদের দাবি— পরীক্ষার্থী অধ্যুষিত এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, লোডশেডিংয়ের নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা, রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন না রাখা, দ্রুত সংকটের প্রকৃত কারণ জনসাধারণকে জানানো, জরুরি ভিত্তিতে বিকল্প সরবরাহ ব্যবস্থা গ্রহণ করা।
গোপালগঞ্জে চলমান বিদ্যুৎ সংকট শুধু একটি সাময়িক ভোগান্তি নয়, এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ, জনস্বাস্থ্য এবং স্থানীয় অর্থনীতির ওপর বহুমাত্রিক প্রভাব ফেলছে। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এই পরিস্থিতি উদ্বেগজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এর দীর্ঘমেয়াদি প্রভাব শিক্ষা ও সামাজিক জীবনে স্পষ্টভাবে প্রতিফলিত হতে পারে। এখন গোপালগঞ্জবাসীর একটাই প্রত্যাশা— অন্ধকার নয়, স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে স্বস্তির পরিবেশ ফিরে আসুক।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||