মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

প্রতিরক্ষা অংশীদারত্ব, সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা আরও সম্প্রসারণ নিয়ে আলোচনা করতে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (প্যাসিফিক ফ্লিট) কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কোলার।
আজ সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড এক বিবৃতিতে জানান, আগামী ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত অ্যাডমিরাল স্টিভ কোলার ঢাকায় অবস্থান করবেন। সফরকালে তিনি বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
বিবৃতিতে বলা হয়, বৈঠক গুলোতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
মার্কিন নৌবাহিনীর এভিয়েশন ইউনিটে প্রায় ৩৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অ্যাডমিরাল স্টিভ কোলার ২০২৪ সালের ৪ এপ্রিল থেকে প্যাসিফিক ফ্লিটের কমান্ডারের দায়িত্ব পালন করছেন
দীর্ঘ কর্মজীবনে তিনি ফাইটার স্কোয়াড্রন-২১১-এ দায়িত্ব পালন করেছেন এবং ইউএসএস কার্ল ভিনসনের নির্বাহী কর্মকর্তা ছিলেন। এছাড়া ফাইটার স্কোয়াড্রন-১৪৩, ইউএসএস বাতান, বিমানবাহী রণতরী ডোয়াইট ডি. আইজেনহাওয়ার এবং ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নাইন-এর কমান্ডারের দায়িত্বও পালন করেছেন।
তিনি অপারেশন ডেজার্ট স্টর্ম, সাউদার্ন ওয়াচ, ইরাকি ফ্রিডম ও ইনহেরেন্ট রিজলভসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক অভিযানে অংশ নিয়েছেন। পাশাপাশি বসনিয়া-হার্জেগোভিনা ও লিবিয়াকেন্দ্রিক আন্তর্জাতিক সামরিক মিশনেও দায়িত্ব পালন করেছেন।
প্যাসিফিক নৌবহরের কমান্ডারের এ সফরকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চলমান সহযোগিতারই একটি অংশ। তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলোর সঙ্গে বৈঠকের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের যৌথ মহড়ার অংশ হিসেবে এ সফর কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি চলমান সহযোগিতা প্রক্রিয়ার অংশ হতে পারে। বাংলাদেশ সব সময়ই ইন্দো-প্যাসিফিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশীদার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের সংলাপ অতীতেও হয়েছে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||