মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :
খুলনা জেলার রূপসা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বৃদ্ধা হালিমা বেগমকে (৬৫) ঘর উপহার দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল হক। উল্লেখ্য গত ১৯ মার্চ ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে যায় হতদরিদ্র হালিমা বেগমের ঘরটি। তিনি রূপসার শ্রীফলতলা ইউনিয়নের পশ্চিম নন্দনপুর গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তার হাতে উপহারের ঘরটি তুলে দেন খুলনা রেঞ্জের ডিআইজি। রুপসা উপজেলার নন্দনপুর গ্রামে টিনের ছাউনি ও চারপাশে মাটির দেওয়াল দিয়ে বসবাস করতেন হালিমা বেগম। স্বামী সন্তান কেউ না থাকায় একা বসবাস করতেন তিনি। ভোর হলেই চলে যেতেন অন্যের জমিতে কাজ করতে। প্রতিদিন নিয়মিত ফিরতেন দুপুর বেলা। এভাবেই চলত প্রবীণ বৃদ্ধা হালিমার জীবন জীবিকা। বৃদ্ধা হালিমা বেগমের মানবেতর জীবন যাপনের ঘটনাটি বিভিন্ন সংবাদপত্রে ও ইলেকট্রিক মিডিয়ায় প্রকাশিত সংবাদ দৃষ্টি গোচর হওয়ায় তাৎক্ষণিক খুলনা রেঞ্জ ডিআইজির নির্দেশনায় এবং খুলনা জেলা পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে বৃদ্ধা মহিলার নতুন ঘর তৈরি করার সকল ব্যবস্থা করা হয়। বসত ঘরটি বসবাসের উপযোগী তৈরি করে ১৬ এপ্রিল নতুন ঘরটি তিনি দেখতে আসেন এবং বৃদ্ধ মহিলার সাথে কুশলাদি বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, মো. রাফিউ, রূপসা থানা অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||