মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার ও ফোর্সদের প্রশংসনীয় ও দায়িত্বশীল কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
তিনি বলেন, নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায়ও ট্রাফিক পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সন্দেহজনক মিছিল, মোটর সাইকেল র্যালি, অপরাধ মূলক কর্মকাণ্ড কিংবা যেকোনো জরুরি পরিস্থিতি নজরে এলে দ্রুত কন্ট্রোল রুম বা বেতার যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেন তিনি।
পুলিশ কমিশনার পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে জানান, তাঁর ব্যক্তিগত উদ্যোগে ১২ হাজারেরও বেশি গাছের চারা সংগ্রহ করা হয়েছে। এসব চারা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং উপযুক্ত স্থানে রোপণ করা হবে। তিনি সকল পুলিশ সদস্যকে নিজ নিজ বাড়ি, অফিস ও কর্মস্থলে বৃক্ষরোপণের আহ্বান জানান এবং একে পরিবেশ রক্ষা ও সদকায়ে জারিয়ার উত্তম মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ৫ জন সার্জেন্ট/টিএসআই, ৫ জন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। পুলিশ কমিশনার জানান, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদানের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।
এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম সহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||