সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া প্রতিবেদক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত একটি তোরণে অগ্নিসংযোগের ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে মোট ৭৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরনে অগ্নিসংযোগ, সরকারি সম্পদের ক্ষতিসাধন এবং এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করে। পরবর্তীতে তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, তোরণে অগ্নিসংযোগের ঘটনাটি টুঙ্গিপাড়াজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||