ক্রাইম নিউজ প্রতিবেদক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মল্লিকের মাঠ-শ্রীরামকান্দি সড়কের পাশে সরকারি জায়গা দখল করে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনকে অবগত করলেও মেলেনি কোনো সুরহা; গত ২৯শে আগস্ট একাধিক প্রিন্ট মিডিয়ায় প্রকাশ পাওয়া সত্ত্বেও আমিনুল শেখের পাকা স্থাপনা কাজ চলমান রয়েছে, সরকারি সম্পত্তিতে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চললেও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
গণমাধ্যম কর্মীরা সরেজমিনে গিয়ে দেখতে পায়, আমিনুল শেখ, পিতা আজহারউদ্দিন শেখ সরকারি জায়গা দখল করে সেখানে পাকা দোকানঘর নির্মাণ করছেন। ইতোমধ্যে নির্মাণকাজ অনেকটা এগিয়ে গেছে, এতে একদিকে সরকারি সম্পত্তি বেদখল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে সড়কের জায়গা সংকুচিত হয়ে ভবিষ্যতে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
শুধু সড়কের পাশের সরকারি জায়গা নয়, একই এলাকায় রাস্তার বিপরীত পাশে অবস্থিত সরকারি আদর্শ গ্রামের পুকুরের জায়গা দখল করে একাধিক পাকা দোকান নির্মাণ ও ভাড়া দেওয়ার অভিযোগও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একটি মহল দীর্ঘদিন ধরে পুকুরের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে সেগুলো ভাড়া দিয়ে আসছে। দোকানগুলো থেকে প্রতিদিনের ময়লা-আবর্জনা পুকুরে ফেলা হচ্ছে। ফলে পুকুরের পানি দূষিত হয়ে পড়েছে। এতে পরিবেশের পাশাপাশি স্থানীয়দের দৈনন্দিন জীবনেও বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি জায়গা ও জনসাধারণের ব্যবহারের পুকুর এভাবে ধীরে ধীরে দখল হতে থাকলে ভবিষ্যতে দখলের পরিমাণ আরও বাড়তে পারে। এতে সরকারি সম্পত্তি রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের চলাচল ও পরিবেশ সুরক্ষাও হুমকির মুখে পড়বে।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি দ্রুত তদন্ত করে সরকারি সম্পত্তির সঠিক সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পুকুরটি দখলমুক্ত করে সংরক্ষণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি জায়গা দখলের প্রবণতা বন্ধে প্রশাসনের কার্যকর নজরদারি ও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা।
এ ব্যাপারে মুঠোফোনে সরকারি জায়গায় পাকা ঘর নির্মাণকারী আমিনুল শেখের নিকট জানতে চাইলে তিনি বলেন, উপজেলা প্রশাসন ও তহশিলদারের সাথে কথা বলেই আমার কাজ চলমান রেখেছি। তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে এখানে ঘর স্থাপন করে ব্যাবসা করে আসছি। আগে কাঁচা ঘর ছিল। সেটি ভেঙে নতুন করে পাকা স্থাপনা তৈরি করছি।
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম মুঠোফোনে বলেন, “তদন্ত সাপেক্ষে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ব্যাপারে পাটগাতী ইউনিয়ন ভূমি তহশিলদারের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলে, ওটা সরকারি খাস জায়গা। আমি জানার পর ঐ জায়গার চলমান কাজ বন্ধ করে দিয়েছি, সেই সাথে কাজের স্থানে থাকা বালু ও সিমেন্ট ফেলে দিয়ে এসেছি।
উপজেলা প্রশাসন ও পাটগাতী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের নিষেধাজ্ঞা অমান্য করে আমিনুর শেখের এই দোকান ঘর নির্মাণের কাজ চলমান থাকায়, নেপথ্যের কাহিনি জানতে গণমাধ্যমের একটি দলের ছায়া তদন্তে বেরিয়ে আসে আসল রহস্য। ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা জনৈক এক ব্যক্তির মাধ্যমে রফা দফা করে কাজ করার মৌখিক অনুমতি দিয়েছে। তাও আবার অফিস বন্ধকালীন সময়ে।
ব্যাপারটি নজরে এনে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||