সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া প্রতিবেদক :

‘ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি গ্রহণ করি, নিরাপদ খাদ্য নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম-ডিএই) প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে রঙিন বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুমার কুন্ডু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রদীপ মজুমদার। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মিঠুন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেলায় জলবায়ু সহনশীল ও আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শনী স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ, বোরো মৌসুমে এডব্লিউডি (AWD) পদ্ধতিতে পানি সাশ্রয়ী ধান চাষ, পলি নেট হাউসে চারা উৎপাদন, সৌরবিদ্যুৎচালিত সেচ ব্যবস্থা, ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে যান্ত্রিকভাবে ধানের চারা রোপণ এবং ফেরোমন ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত শাকসবজি উৎপাদনের প্রযুক্তি।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মামুনুর রহমান বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, অল্প জমিতে অধিক ফলন নিশ্চিত করতে উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের আরও উদ্বুদ্ধ করতে হবে।
তিন দিনব্যাপী এ মেলায় কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন প্রদর্শনী স্টল, কৃষি উপকরণ প্রদর্শন এবং বিশেষজ্ঞদের পরামর্শসেবা উন্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||